মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের পর পর সে দেশে নিযুক্ত হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দৃশ্যত ওবামার সফরের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই তলব। পাশাপাশি ভারতের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে ওবামার আহ্বানেরও প্রকাশ্যে বিরোধিতা করেছে পাকিস্তান। খবর বিবিসি, ডন ও হিন্দুস্তান টাইমসের।
নওয়াজ শরিফ হাইকমিশনারকে তলব করলেও ভারতকে ‘গুরুত্বপূর্ণ প্রতিবেশী’ আখ্যায়িত করে সম্পর্ক ভালো রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিতকে জরুরিভিত্তিতে গতকাল বুধবার দেশে ডেকে পাঠান নওয়াজ শরিফ। বাসিত প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের কূটনৈতিক সূত্র বলছে, বাসিত যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে হওয়া পরমাণুবিষয়ক চুক্তি এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর প্রভাব নিয়ে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করবেন।
হাইকমিশনারের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী নওয়াজ বলেন, ‘পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত। আমরা ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই। এর ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমান সার্বভৌমত্ব।’
প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানি প্রধানমন্ত্রী এই অঞ্চলের শান্তির স্বার্থে দুই দেশের মধ্যে জম্মু-কাশ্মীরসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।
নওয়াজের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সমর্থনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন পাওয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে দুর্বল করবে।
গত মঙ্গলবার দিল্লিতে দেওয়া এক ভাষণে বহুদিন ধরে আলোচিত এ বিষয়ে কথা বলেন ওবামা। তিনি জানান, ওয়াশিংটন দিল্লির প্রার্থিতাকে সমর্থন দেবে। এরপর গতকাল পাকিস্তানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।
সারতাজ আজিজ বলেন, জম্মু-কাশ্মীরের বিরোধের মতো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করা দেশ কোনোভাবেই ওই পরিষদে স্থায়ী আসনের মর্যাদা পাওয়ার যোগ্য নয়।
সন্ত্রাসের বিষয়ে পাকিস্তানের অবস্থান বিশ্বব্যাপী স্বীকৃত বলেও দাবি করেন আজিজ। তিনি বলেন, বাইরের দেশের সহযোগিতায় চালানো সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার পাকিস্তান। বাইরের দেশ বলতে আজিজ এবার ভারতের নাম উচ্চারণ করেননি। তবে চলতি মাসের শুরুর দিকে তিনি অভিযোগ করেন, আফগানিস্তানের মাটি থেকে ভারত পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। যদিও তিনি ওই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
চীন যাচ্ছেন মোদি!: ওবামার সফরের রেশ না কাটতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরের পরিকল্পনা করছেন। আগামী ৩১ জানুয়ারি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চীন সফরে যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আগামী মার্চে মোদির চীন সফরের তারিখ ঠিক হবে।