পর্যবেক্ষক বিচারপতি নিয়োগ নিয়ে আদালতে চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামা পেপারস কেলেঙ্কারিতে পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের যুক্ত থাকার অভিযোগে হওয়া মামলায় নিম্ন আদালতে চলা বিচারকাজ পর্যবেক্ষণে একজন ‘পর্যবেক্ষক বিচারপতি’ নিয়োগ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ পদক্ষেপকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন একজন আইনজীবী।

সুপ্রিম কোর্টের বিচারপতি ইজাজুল আহসানকে পর্যবেক্ষক বিচারপতি হিসেবে নিয়োগদানের বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে লাহোরের আদালতে পিটিশন দাখিল করেছেন ওয়াতান পার্টির ব্যারিস্টার জাফরুল্লাহ খান। তিনি বলেন, নওয়াজের বিরুদ্ধে পানামা পেপারস মামলায় কোনো বিচার ছাড়াই সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। রায়ে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে তাঁর পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আইনি দুর্বলতার ওপর ভিত্তি করে দেওয়া এ রায় স্মরণীয় হয়ে থাকবে। এই আদালতের একজন বিচারকই যদি ওই মামলায় যৌথ তদন্ত টিম (জেআইটি), ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ও অ্যাকাউন্টিবিলিটি কোর্টের প্রক্রিয়ার ওপর নজরদারি শুরু করেন, তবে সংবিধানের ১০-এ অনুচ্ছেদের আওতায় সুষ্ঠু বিচার পাওয়া অসম্ভব।

এই আইনজীবী যুক্তি দেন, সর্বোচ্চ আদালতের অব্যাহত নজরদারির মুখে নিম্ন আদালতে ক্ষতিগ্রস্ত নওয়াজ পরিবার সুষ্ঠু বিচার পেতে পারে না। তিনি উল্লেখ করেন, নিম্ন আদালতে চলা কোনো মামলায় সুপ্রিম কোর্টের নজরদারি চালানোর কোনো নজির নেই। উপরন্তু উচ্চতর আদালতের নিম্ন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণের কোনো ধারাও এনএবি অর্ডিন্যান্সে নেই।

তাই সংবিধানের ১০-এ অনুচ্ছেদের অধীন সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার লঙ্ঘন হওয়া প্রতিরোধে এই আইনজীবী সুপ্রিম কোর্টের প্রতি নওয়াজ পরিবারের ওই মামলায় বিচারপতি আহসানকে পর্যবেক্ষক বিচারপতি নিয়োগের বিষয়টিকে অকার্যকর ঘোষণার অনুরোধ জানান। তিনি বলেন, এটা করা না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে।

একই সঙ্গে জাফরুল্লাহ খান সংবিধানের ১৮৪ (৩) অনুচ্ছেদের অধীন অন্যান্য মামলার মতো নওয়াজ শরিফকেও তাঁর বিরুদ্ধে ঘোষিত রায় নিয়ে আপিলের অধিকার দেওয়ার আবেদন জানান।

প্রার্থী হিসেবে বিবেচনায় কুলসুম ও মরিয়ম

আদালতের রায়ে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষিত হওয়ার পর তাঁর সংসদীয় শূন্য আসনে (এনএ-১২০) দলীয় প্রার্থী হিসেবে নওয়াজ শরিফ তাঁর পিএমএল-এন পার্টির কাকে মনোনয়ন দেবেন, তা এখনো চূড়ান্ত করেননি। তবে দলের কর্মকর্তারা বলেছেন, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সাবেক ফার্স্ট লেডি বেগম কুলসুম নওয়াজ বা তাঁর মেয়ে মরিয়ম নওয়াজও রয়েছেন।

এ বিষয়ে গত সোমবার পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) এক কর্মকর্তা ডনকে বলেন, ‘প্রধানমন্ত্রী নওয়াজ আদালতের রায়ে অযোগ্য ঘোষিত হওয়ায় তাঁর সংসদীয় শূন্য আসনে প্রার্থী হিসেবে তালিকায় প্রথম ও দ্বিতীয় নম্বরে আছেন যথাক্রমে কুলসুম ও মরিয়ম। দলের অভ্যন্তরে আলোচনায় এখন পর্যন্ত এ দুই নামই এসেছে।’