মার্কিন হামলায় সাবেক তালেবান নেতা মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার এ খবরটি নিশ্চিত করল পাকিস্তান। দেশটির বেলুচিস্তান প্রদেশে গত শনিবার মার্কিন ড্রোন হামলায় নিহত হন মোল্লা মানসুর।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ গতকাল বলেন, মোল্লা মানসুর ড্রোন হামলায় নিহত হয়েছেন। তিনি ছদ্মবেশে পাকিস্তানে ছিলেন। তবে ডিএনএ প্রতিবেদন পাওয়ার আগে তাঁর লাশ হস্তান্তর করা হবে না।
আফগান শান্তি প্রক্রিয়া প্রসঙ্গে সারতাজ আজিজ বলেন, এক বছরের কম সময়ের মধ্যে এই শান্তি প্রক্রিয়ায় দুই দফা বিঘ্ন হলো। আফগানিস্তানের চলমান লড়াইয়ের কোনো সামরিক সমাধান নেই। সেখানে গত ১৫ বছরে শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ব্যর্থ হয়েছে। আবারও এ ধরনের পদক্ষেপ নিলে আফগানিস্তান আরও অস্থিতিশীল হয়ে পড়বে। এতে গোটা অঞ্চলের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
বেলুচিস্তানে এটাই প্রথম মার্কিন ড্রোন হামলা। পর্যবেক্ষকেরা বলছেন, এতে জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।