পাকিস্তান আবার বিভক্ত হবে: নওয়াজ

জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি যদি শ্রদ্ধা না দেখানো হয়, তবে ১৯৭১ সালের মতো আবারও বিভাজনের মুখে পড়তে হবে পাকিস্তানকে। ওই সময় পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়েছিল।
গতকাল শুক্রবার আইনজীবীদের এক সমাবেশে সুপ্রিম কোর্টের সমালোচনা করে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ মন্তব্য করেন।
নওয়াজ শরিফ ও তার রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) বিচার বিভাগ বিরোধী কোনো মন্তব্য করতে পারবেন না বলে লাহোরের হাইকোর্টের নিষেধাজ্ঞা জারির একদিন পরই এ মন্তব্য করলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী।
পরিবারের সদস্য ও তার বিরুদ্ধে পানামা পেপারস কেলেঙ্কারিতে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশটির গোয়েন্দা সংস্থাগুলোরও সমালোচনা করেন ৬৭ বছর বয়সী নওয়াজ শরিফ। তিনি বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম যে, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই) ও মিলিটারি ইনটেলিজেন্স (এমআই); যৌথ তদন্ত সংস্থার (জেআইটি) সঙ্গে এমন একটি ব্যাপারে তদন্ত করেছে; যা সন্ত্রাসবাদ এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত নয়।
নওয়াজ বলেন, গত ২৮ জুলাই তাঁকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জনগণ মেনে নেয়নি। তিনি বলেন, দেশের ইতিহাসে সুপ্রিম কোর্টের এ রায় ‘জঘন্য রায়’ হিসেবে বিবেচিত হয়ে থাকবে। কোনোবারই ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে না পারা শরিফ বলেন, ‘দেশের ৭০ বছরের ইতিহাসে ১৮ জন প্রধানমন্ত্রীকেই বিদায় করে দেওয়া হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই। এটা এখনই থামাতে হবে। ব্যালটের প্রতি আমাদের সম্মান নিশ্চিত করতে হবে।’
নওয়াজ শরিফ বলেন, ‘যদি মানুষের ভোটাধিকারের প্রতি সম্মান দেখানো না হয়; তাহলে আমার ভয় হচ্ছে যে, ১৯৭১ সালের মতো আরও একটি বিপর্যয়ের মুখে পড়তে পারে পাকিস্তান। ওই সময় পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে যায়।’ এই সমস্যার সমাধান ছাড়া পাকিস্তান সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে নওয়াজ শরিফ বলেন, রায়ের পর যদিও পদত্যাগ করেছি। এরপরও এ রায় আমি এবং পাকিস্তানের জনগণ মেনে নেয়নি। আমার লক্ষ্য হলো, গণতন্ত্রের যাত্রাকে বিপথগামী করতে ও নির্বাচিত নেতাদের ক্ষমতাচ্যুত করে বাড়িতে পাঠানোর প্রক্রিয়াকে চিরতরে বন্ধ করে দেওয়া।
সেনাবাহিনী পাকিস্তানের রাজনীতিতে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাকিস্তানের ৭০ বছরের ইতিহাসের ৩৩ বছরেরও বেশি সময় শাসন করেছে সেনাবাহিনী। নওয়াজ শরিফ বলেন, পাকিস্তানে বেসামরিক শাসনের জন্য লড়াই করেছেন তিনি। জনগণকে সঙ্গে নিয়ে তার এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবেন না তিনি। তথ্যসূত্র: লাইভ মিন্ট।