পাকিস্তান এখন শীর্ষ সন্ত্রাসী সংগঠনগুলোর আস্তানা বলে মন্তব্য করেছে ভারত। জাতিসংঘ মিশনে ভারতের ঊর্ধ্বতন কূটনীতিক ইনাম গম্ভীর জাতিসংঘে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।
গত বুধবার সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে গত জুলাই মাসে কাশ্মীরে হিজবুত মুজাহিদীনের নিহত তরুণ নেতা বুরহান ওয়ানির প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি শান্তি প্রতিষ্ঠায় ভারতকে বড় অন্তরায় উল্লেখ করে সমালোচনা করেন। তাঁর এ ভাষণের পাল্টা জবাব হিসেবে ইনাম গম্ভীর মন্তব্যটি করলেন।
বিবৃতিতে ভারতীয় এই কূটনীতিক বলেন, ‘প্রতিবেশী দেশে হামলা চালাতে আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে পাওয়া কোটি কোটি ডলার জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনগুলোকে সরবরাহ করছে পাকিস্তান। তাদের প্রশিক্ষণ, অর্থায়ন ও সহায়তায় ব্যয় হচ্ছে এসব অর্থ।’ তিনি বলেন, প্রাচীনকালের জ্ঞানচর্চার ভূমি তক্ষশিলা এখন সন্ত্রাসের আস্তানায় পরিণত হয়েছে। তাদের এ বিষাক্ত কার্যক্রমের প্রভাব এখন বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে।
ইনাম গম্ভীর ৯/১১ হামলার কথা তুলে ধরে বলেন, ‘বিশ্ব এখনো ভুলে যায়নি, ওই কাপুরুষোচিত হামলার বীজ পাকিস্তানের অ্যাবোটাবাদেই প্রোথিত।’ তিনি আরও বলেন, চরমপন্থীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে পাকিস্তান সংখ্যালঘু ও নারীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। সেই সঙ্গে কঠোর আইনের মাধ্যমে মানবাধিকারের মূল শর্তগুলোকেও অমান্য করছে।
ইনাম গম্ভীর বলেন, যে সময় জাতিসংঘে ‘কুটিল’ বক্তব্য দিচ্ছে পাকিস্তান, ঠিক সে সময়ই সন্ত্রাসী হামলার ঘটনায় নয়াদিল্লিতে দেশটির দূতকে তলব করা হয়েছে।
এদিকে জাতিসংঘে দেওয়া ভাষণে বুরহান ওয়ানির প্রশংসা করায় নওয়াজ শরিফের কড়া সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। সাংবাদিকদের তিনি বলেন, ‘একটি স্বাধীন জাতির একজন নেতা স্বঘোষিত এক সন্ত্রাসীর এভাবে প্রশংসা করার বিষয়টি হতভম্ব করে দেওয়ার মতো। পাকিস্তানের এমন করাটা আসলে নিজেকেই দোষারোপ করার শামিল।’
শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান অতিরিক্ত এক ধাপ সামনে বেড়েছে এবং বারবার আলোচনার আহ্বান জানিয়ে আসছে বলে নওয়াজের দাবির জবাবে এম জে আকবর বলেন, ‘অতিরিক্ত ধাপের প্রশ্ন তো দূরের কথা, আমাদের কাছে তো প্রথম ধাপটাই দৃশ্যমান নয়।’ তিনি বলেন, ‘অস্ত্র হাতে পাকিস্তান আলোচনার কথা বলে। আলোচনা এবং অস্ত্র প্রদর্শন একসঙ্গে হতে পারে না।’
গত বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষণের কিছু পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক টুইটে বলেন, ‘নওয়াজ শরিফ বলেছেন, পাকিস্তান আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু ভারত “অগ্রহণযোগ্য শর্ত” দিয়েছে। কাশ্মীর বিক্ষোভের প্রসঙ্গ তুলে গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত কাশ্মীরি ইন্তিফাদার একজন নেতা বুরহান ওয়ানির প্রশংসা করেছেন।’