পাকিস্তান ক্রিকেট দলে পরোটাওয়ালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করাচির রেস্তোরাঁয় পরোটা তৈরি করছেন ১৯ বছর বয়সী হানান খান। ছবি: সংগৃহীত
করাচির রেস্তোরাঁয় পরোটা তৈরি করছেন ১৯ বছর বয়সী হানান খান। ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের জার্সিতে হানান খান। ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের জার্সিতে হানান খান। ছবি: সংগৃহীত

কে বলেছে স্বপ্ন সত্য হয় না। হয়, রেস্তোরাঁয় পরোটা তৈরির কাজ করা ১৯ বছরের যুবকের ক্ষেত্রে হয়েছে। দিনে ১২ ঘণ্টার মতো সময় যায় রেস্তোরাঁর কাজে। কাজ শেষে যতটুকু সময় পান খেলেন। রক্তে ক্রিকেটের নেশা। তাই তো ডাক পেয়েছেন দলে। নির্বাচকদের প্রথম ফোন পেয়ে ভেবেছিলেন, কেউ হয়তো ফাজলামো করছেন। এরপরের গল্পটি তাঁর স্বপ্নপূরণের একটি ধাপে পা রাখা। যাঁর কথা বলা হচ্ছে, তিনি হলেন হানান খান অ্যাচাক জাই। বাঁ-হাতি এই ব্যাটসম্যানের বাড়ি পাকিস্তানের বেলুচিস্তানে।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, রেস্তোরাঁয় কাজ করা হানান খান ডাক পেয়েছেন পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমি একাদশে (এনসিএ)। এনসিএ একাদশের হয়ে মালয়েশিয়া ক্রিকেট দলের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৪ ও ১৫ জানুয়ারি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। বাঁ-হাতি হানানের লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের হয়ে পারফর্ম করা। নির্বাচকেরা যখন তাঁকে ফোনে দলে সুযোগ পাওয়ার কথাটি জানান, তখন বিশ্বাসই করতে পারছিলেন না। ভাবছেন, কেউ মজা করছে। সেই ছেলেই খেলবেন টি-টোয়েন্টি। দলে সুযোগ পাওয়ার ন্যায্যতাও প্রমাণ করতে চান হানান।
‘দলে সুযোগ পাওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার সন্দেহ হয়েছিল, আমার সঙ্গে কেউ কৌতুক করছে। আমি তাদের ফাজলামো না করতে বলে ফোন রেখে দিই ওই কল ফিরিয়ে দিই। আমি সুযোগ পেয়ে অবিশ্বাস্যভাবে খুশি’—হানান পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনকে বলছিলেন এসব কথা।

পাকিস্তান দলের স্পিনার সাঈদ আজমলের সঙ্গে বাঁ-হাতি ব্যাটসম্যান হানান খান। ছবি: সংগৃহীত
পাকিস্তান দলের স্পিনার সাঈদ আজমলের সঙ্গে বাঁ-হাতি ব্যাটসম্যান হানান খান। ছবি: সংগৃহীত

তাঁর ওপর বিশ্বাস রেখে দলে নেওয়ায় নির্বাচকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হানান খান বলেন, ‘আমি একটি অঞ্চল থেকে এসেছি, সেখানে খুব একটা ক্রিকেট খেলা হয় না। কিন্তু এরপরও নির্বাচকেরা সেখানে যান। তাঁরা উঠতি ও সম্ভাবনাময় খেলোয়াড়দের খেলতে সুযোগ করে দিচ্ছেন।’

নতুন প্রতিভা খুঁজে বের করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রশংসা করেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।’ বেলুচিস্তানের মতো এলাকা থেকে উঠতি খেলোয়াড়দের তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিশেষভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানান রেস্তোরাঁয় পরোটা বানানো হানান।

গত বছর আঞ্চলিক প্রতিভা খোঁজার কার্যক্রমের মধ্য দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসে জায়গা করে নেন হানান খান। হানান বলেন, ‘জাতীয় দলে পৌঁছানোর জন্য এটা একটা ধাপ। একদিন পাকিস্তান দলে প্রতিনিধিত্ব করব।’ তাঁর লক্ষ্য এখন মালয়েশিয়ার বিরুদ্ধে নির্বাচকদের পছন্দের ন্যায্যতা প্রমাণ করা।