পাকিস্তান তালেবান প্রধান নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিসংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান মোল্লা ফজলুল্লাহ বিমান হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
গতকাল সোমবার বার্তা সংস্থা পিটিআই জানায়, পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার উপজাতি এলাকায় গত সপ্তাহান্তে ওই বিমান হামলা চালানো হয়।
মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর তাঁর উত্তরসূরি হিসেবে ২০১৩ সালে টিটিপিপ্রধানের দায়িত্ব পান ফজলুল্লাহ।
গত বছরের ডিসেম্বরে পেশোয়ারের একটি স্কুলে রক্তক্ষয়ী হামলা হয়। ফজলুল্লাহ ওই হামলার প্রধান পরিকল্পনাকারী বলে মনে করা হয়।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, গত সপ্তাহান্তে খাইবার উপজাতি এলাকায় স্থল ও আকাশপথে চালানো হামলায় কমপক্ষে ৮০ জন জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক জঙ্গি।
নিরাপত্তা সূত্রগুলো বলছে, সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে ফজলুল্লাহ নিহত হতে পারেন। ওই ঘটনায় সাত সেনাও নিহত হন।
খাইবার-পাখতুনখাওয়ার গভর্নর মেহতাব খান আব্বাসি গতকাল বলেন, ফজলুল্লাহর নিহত হওয়ার তথ্যের সত্যতা আগামী কয়েক দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে।
টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি এই খবর নাকচ করেছেন। তিনি বলেন, ‘তালেবান প্রধানের নিহত হওয়ার বিষয়ে যেসব খবর আসছে, তা পুরোপুরি ভিত্তিহীন।’