পাকিস্তান বিমান বাহিনীতে দেশীয় যুদ্ধবিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান বিমানবাহিনী দেশে সংযোজিত নতুন ৫০টি যুদ্ধবিমান সংগ্রহ করেছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি) গত মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
পিএসির প্রধান এয়ার মার্শাল জাভেদ আহমেদ করাচিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সেমিনারের এক ফাঁকে এএফপিকে জানান, ৫০টি নতুন যুদ্ধবিমান ইতিমধ্যে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় দফায় আরও পাঁচটি যুদ্ধবিমান চলতি মাসেই বিমানবাহিনীতে যুক্ত হবে।
করাচির ওই অনুষ্ঠানে অংশ নিয়ে সারা বিশ্বের অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মতবিনিময় করে। পাকিস্তান ২০০৯ সাল থেকে চীনের একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় জেএফ-১৭ বিমান তৈরি করছে।
পাকিস্তানে জাতীয় আয়ের প্রায় ২০ শতাংশই প্রতিরক্ষা বাজেটের জন্য বরাদ্দ থাকে। দেশটির অস্ত্র কারখানাগুলো সম্প্রতি দেশীয় চাহিদা পূরণের লক্ষ্যে অস্ত্র উৎপাদনের চেষ্টা শুরু করেছে।
বিদেশে অস্ত্র রপ্তানি করার পরিকল্পনাও রয়েছে তাদের। জাভেদ জানান, উন্নয়নশীল দেশগুলোর অনেক ক্রেতা পাকিস্তানি বিমানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে আলোচনাও চলছে।