পাকিস্তান রোজার মাসে মৃত্যুদণ্ড কার্যকর করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে মৃত্যুদণ্ড কার্যকর করবে না পাকিস্তান। গতকাল রোববার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ বিষ​য়টি জানান।

এরই মধ্যে সিন্ধু প্রদেশের একটি কারাগারের একজনের মৃত্যুদণ্ড সাময়িক স্থগিত করা হয়েছে। তবে পাঞ্জাব প্রদেশের কারাকর্তৃপক্ষ এ সংক্রান্ত নির্দেশনা না পাওয়ায় তারা মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

২০০৪ সালে সাত বছরের এক শিশুকে হত্যার দায়ে সাফকাত হোসাইন নামের এক ব্যক্তি​কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু তাঁর পরিবার ও আইনজীবীদের দাবি, ওই ঘটনার সময় সাফকাতের বয়স ১৮ বছরের কম ছিল। তাই তাঁর মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়। তিনি বর্তমানে সিন্ধু প্রদেশের একটি কারাগারে বন্দী রয়েছেন।

সাফকাতের আইনজীবীরা এরই মধ্যে তাঁর বয়স নির্ধারণের জন্য একটি বিচারিক কমিশন গঠনের আরজি জানিয়ে​ছিলেন। তবে গত বুধবার সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন। ওই দিনই খুনের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপরাধের সময় তাঁর বয়স কম ছিল ও তাঁর কাছ থেকে জোরপূর্বক স্বীকা​রোক্তি আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সিন্ধু প্রদেশের কারা মহাপরিদর্শক নুসরাত মানগান এএফপিকে বলেন, সাধারণত পাকিস্তানে রোজার মাসে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। কর্তৃপক্ষ জানিয়েছে এই ধারা এ বছরও অব্যাহত থাকবে। মৃত্যুদণ্ড কার্যকর করার দুই সপ্তাহ আগে এ সংক্রান্ত পরোয়ানা আমাদের হাতে আসে। তাই তাঁর মৃত্যুদণ্ড অন্তত এক মাস পরে কার্যকর হবে।

কিন্তু পাঞ্জাব প্রদেশের কারা মহাপরিদর্শক নাজির ফারুক বলেছেন, তাঁদের কাছে এখনো এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। তিনি এএফপিকে বলেন, ‘রমজান শুরুর আগেই যেকোনো ভাবে আমাদের প্রায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর কতে হবে।’

পাকিস্তানের মানবাধিকার কমিশন জানায়, গত ডিসেম্বরে একটি স্কুলে তালেবান হামলার ঘটনার পর থেকে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা একই সময়ে সৌদি আরবের চেয়ে বেশি।