পাকিস্তান সম্ভবত লাদেনের অবস্থান জানিয়ে দিয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদ দুররানি
আসাদ দুররানি

পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক মহাপরিচালক আসাদ দুররানি বলেছেন, পাকিস্তান সরকার সম্ভবত আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের গোপন অবস্থান সম্পর্কে জানিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। আল-জাজিরা টিভির ‘হেড টু হেড শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর ডনের।
ওসামা বিন লাদেনকে আইএসআই আশ্রয় দিয়েছিল এবং তাঁকে ধরিয়ে দিতেও ভূমিকা রেখেছিল—এমন অভিযোগ সব সময় অস্বীকার করে এসেছে পাকিস্তান কর্তৃপক্ষ। তবে মার্কিন কমান্ডোরা গোপন অভিযানে লাদেনকে হত্যার আগ পর্যন্ত আইএসআইয়ের কর্মকর্তারা তাঁর অবস্থান সম্পর্কে জানতেন না—এ দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেন দুররানি।
আসাদ দুররানি ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত আইএসআইয়ের মহাপরিচালক ছিলেন। নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি জার্মানিতে এবং পরে সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন।
লাদেন সম্পর্কে দুররানি বলেন, ‘আসলে কী ঘটেছিল, তা আমি নিশ্চিত করে বলতে পারব না। তবে আমার ধারণা, লাদেনের অবস্থান আইএসআই জানত না এটা কি সম্ভব? সম্ভবত তারা জানত। সঠিক সময়ে লাদেনের অবস্থান জানাবে, সম্ভবত এটাই তাদের পরিকল্পনা ছিল। যখন কিছুর বিনিময়ে কিছু পেতে হবে, সেই সময়েই তাঁকে তুলে দেওয়া হয়েছে। আপনার কবজায় লাদেনের মতো যদি কেউ একজন থাকেন, তবে আপনি তাঁকে এমনিতেই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারেন না।’
দুররানির মতে, আফগান সমস্যা সমাধানের শর্তেই মার্কিনদের হাতে লাদেনকে তুলে দিয়েছিল পাকিস্তান।
পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের কমান্ডোদের হামলায় ২০১১ সালের ১ মে নিহত হন লাদেন। ১০ বছর ধরে পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে হন্যে হয়ে লাদেনকে খোঁজার অবসান হয় সেই দিন। অ্যাবোটাবাদ আইএসআইয়ের তৈরি করা আশ্রয়স্থল ছিল কি না, এ প্রশ্নের জবাবে দুররানি বলেন, ‘আইএসআই যদি লাদেনকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়ে থাকে, তবে আমি বলব তারা ভালো কাজই করেছিল। আবার তারা যদি লাদেনের অবস্থান জানিয়ে দিয়ে থাকে, তবে সেটিও ন্যায্য কাজই হয়েছিল।’