পাকিস্তান সরকারের আশ্বাস সন্ত্রাসবাদ রুখতে প্রদেশগুলো বিপুল সহায়তা পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ রুখতে প্রদেশগুলোকে তাদের ‘প্রত্যাশার চেয়েও বেশি’ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সিন্ধু প্রদেশে শিয়া মুসলমানদের মসজিদে বোমা হামলায় অন্তত ৬১ জন নিহতের ঘটনায় মিত্র ও বিরোধী উভয় পক্ষের সমালোচনার মুখে গত সোমবার এ ঘোষণা দিল সরকার। খবর ডনের।
পাকিস্তানের পার্লামেন্ট জাতীয় পরিষদের (এনএ) সোমবার শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের আলোচ্য বিষয় ছিল গত মাসের জ্বালানি তেলের সংকট। তবে সিন্ধুর শিকারপুর জেলায় শিয়া মসজিদে (ইমামবাড়া) গত শুক্রবারের রক্তক্ষয়ী জঙ্গি হামলা নিয়ে আলোচনা করতে নির্ধারিত বিষয়টি স্থগিত রাখা হয়।
আলোচনায় অংশ নিয়ে বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা খুরশিদ আহমেদ শাহসহ বিশেষ করে সিন্ধু প্রদেশের অনেক আইনপ্রণেতা ওই বোমা হামলা নিয়ে সরকারকে তুলাধোনা করেন। বিশেষ করে হামলার ঘটনার দিন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ করাচি শহরে থাকলেও ঘটনাস্থলে না যাওয়ায় তাঁর কড়া সমালোচনা করা হয়।
তবে পাকিস্তান সরকারের উপজাতি অধ্যুষিত এলাকাগুলোর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবদুল কাদির বালুচ সরকারি দলের পক্ষে বক্তব্য শুরু করার পর ওই সমালোচনাগুলো পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। সন্ত্রাসবাদকে ‘পাকিস্তানের এক নম্বর সমস্যা’ হিসেবে উল্লেখ করে তিনি আশ্বস্ত করে বলেন, প্রদেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে জনবল বা তহবিল ঘাটতির মুখে পড়বে না। অবশ্য এই সহায়তার ধরন বা পরিমাণ কেমন হবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি তিনি।
মন্ত্রী আবদুল কাদির বালুচ বলেন, প্রদেশগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব প্রাদেশিক সরকারগুলোরই। তবে তার পরও তাদের জন্য কেন্দ্রের সহায়তার অভাব হবে না। তিনি বলেন, ‘তারা তাদের প্রত্যাশার চেয়েও বেশি সহায়তা পাবে।’ প্রদেশকেন্দ্রিক চিন্তা বাদ দিয়ে সন্ত্রাসবিরোধী জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারকে পূর্ণাঙ্গভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
গত ১৬ ডিসেম্বর পেশোয়ার শহরের আর্মি পাবলিক স্কুলে ভয়াবহ জঙ্গি হামলা ঘটনার পর সর্বদলীয় এক বৈঠকে ওই জাতীয় কর্মপরিকল্পনা গৃহীত হয়েছিল। এর আওতায় জঙ্গিবাদসংশ্লিষ্ট ঘটনাগুলোর বিচারে সামরিক আদালত গঠনসহ সন্ত্রাসবাদবিরোধী নানা পদক্ষেপ নেওয়া হয়।