পাকিস্তান সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী নেতা ব্রাহামাদাঘ খান বুগতি। বেলুচ এ নেতা বলেছেন, তিনি সরকারের সঙ্গে আলোচনার বিরুদ্ধে নন। তবে সেই সংলাপ হতে হবে বেলুচদের দাবিদাওয়া নিয়ে।
ওয়াশিংটনের ন্যাশনাল প্রেসক্লাবে গতকাল আয়োজিত নওয়াব আকবর খান বুগতির স্মরণসভায় এসব কথা বলেন তিনি। বেলুচ জাতীয়তাবাদী নেতা আকবর খান ২০০৬ সালে এক সেনা অভিযানে নিহত হন।
‘আমেরিকান ফ্রেন্ডস অব বেলুচিস্তান’ ওই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। ব্রাহামাদাঘ বুগতি সুইজারল্যান্ডের জেনেভা থেকে স্কাইপের মাধ্যমে এতে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা রাজনীতির মানুষ। আমরা আলোচনা করব। বেলুচিস্তানের মানুষের অধিকার নিয়ে কথা বলব।’
ব্রাহামাদাঘ বলেন, পাকিস্তানের সরকারের সঙ্গে আলোচনার একটি সমস্যা আছে। তা হলো এখনকার সরকার যদি কোনো বিষয়ে রাজি হয়, পরের সরকার এসে তা রক্ষা করবে এর কোনো নিশ্চয়তা নেই।
ব্রাহামাদাঘ বুগতি আশা করেন, ভারত ‘ঢিলের বদলে পাটকেল’ নীতিতে কাশ্মীর বিষয়ে বেলুচিস্তানের ইস্যুকে ব্যবহার করবে না।