পাকিস্তান সাকা-মুজাহিদের প্রতি 'অতি আবেগ'দেখিয়েছে: আসমা জাহাঙ্গীর

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পাকিস্তান সরকার ‘সামঞ্জস্যহীনভাবে অতি আবেগ’ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর। তবে সে দেশের সামরিক আদালতে ও সৌদি আরবে পক্ষপাতদুষ্ট বিচারের মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও সে ব্যাপারে সরকার নীরব থাকে বলে মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন সংস্করণে বলা হয়, আসমা জাহাঙ্গীর আরও বলেছেন, সরকারের এমন প্রতিক্রিয়া এই বার্তা দেয় যে দেশের মানুষের চেয়ে বাংলাদেশের বিরোধী দলের নেতাদের প্রতি পাকিস্তান সরকারের অধিক ভালোবাসা ও আবেগ রয়েছে।
সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ও স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের দুঃখ ও উদ্বেগ জানানোর সমালোচনা করেন আসমা জাহাঙ্গীর। তিনি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে পাকিস্তানে সেসব মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ‘আশা করি, সরকার তাঁদের ক্ষেত্রেও একই ধরনের আবেগ দেখাবে।’
পাকিস্তানের এই মানবাধিকার কর্মী আরও বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে পাকিস্তানে ও সৌদি আরবে যেসব পাকিস্তানি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তাঁদের প্রতি আগে সরকারকে আবেগ দেখাতে হবে। পরে বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, সরকারের এমন আবেগ একটি ব্যাপার নিশ্চিত করেছে যে ওই দুজন (সাকা ও মুজাহিদ) রাজনৈতিক এজেন্ট ছিলেন এবং পাকিস্তানের জন্য কাজ করতেন। ওই দুজন বাংলাদেশি কি পাকিস্তানে বসবাসকারী নাগরিকদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কেন এবং কিসের জন্য—সরকারের এটাও পরিষ্কার করা উচিত।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেছে পাকিস্তান টুডে: সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের পর স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানের দেওয়া বিবৃতির সমালোচনা করেছে পাকিস্তানের ইংরেজি দৈনিক পাকিস্তান টুডে। আজ দৈনিকটির সম্পাদকীয়তে নিসার আলীর সমালোচনা করে বলা হয়, বাংলাদেশে ফাঁসি কার্যকর প্রসঙ্গে পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যে ভারসাম্যমূলক একটি বার্তা দিয়েছে এবং তাতে অতীত এড়িয়ে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানানো হয়েছে। এরপরও ফাঁসি কার্যকরের বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কান্নাকাটির কোনো প্রয়োজন ছিল না।
সম্পাদকীয়তে বলা হয়, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র। শেখ হাসিনা একটি নির্বাচিত সরকারের প্রধান। পাকিস্তান কিছু নীতির বিষয়ে নিজেকে সংবরণ করতে পারে। সম্পাদকীয়তে বলা হয়, ইয়াহিয়া খানের সামরিক শাসনকে বৈধ ও সাংবিধানিক সরকার বলে অভিহিত করাটা ঐতিহাসিক ভুল। ওই সরকার খুনি চক্র আল-বদর ও আল-শামস বাহিনীকে মদদ দিয়েছিল।