পাকিস্তান সীমান্তে 'সন্ত্রাসী হামলায়' ৫ সেনা নিহত
আফগানিস্তান ঘেঁষে পাকিস্তানের তিনটি সীমান্তচৌকিতে গতকাল রোববার রাতে সন্ত্রাসী হামলায় পাঁচ সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর পাল্টা হামলায় ১০ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায় বলে ডনের খবরে বলা হয়।
পাকিস্তানি সেনাবাহিনী হতাহতের সংখ্যা প্রকাশ করে এ-সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে। তবে সেখানে জঙ্গিগোষ্ঠীটির নাম উল্লেখ নেই। বলা হয়, রোববার গভীর রাতে মোহাম্মদ এজেন্সির সীমান্তের ওই চৌকিগুলোতে সীমান্তের ওপার থেকে ‘সন্ত্রাসীরা’ হামলা চালায়। কিন্তু কার্যকর উপস্থিতি, সতর্ক প্রহরা ও তাৎক্ষণিক ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাসীদের হামলাকে প্রতিহত করা হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল জাবেদ বাজওয়া জীবন উৎসর্গকারী সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। কার্যকর সীমান্ত সুরক্ষার স্বার্থে তিনি আফগান সীমান্তে আরও সেনা মোতায়েনের ওপর জোর দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও এ ঘটনার নিন্দা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।