পাকিস্তান 'ছোট' বা 'বড়' যুদ্ধের জন্য প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ছোট বা বড় উভয় পরিসরের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ গতকাল বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন।  ভারতীয় সেনাপ্রধানের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বললেন তিনি। খবর ডনের।

ভারতীয় সেনাপ্রধান জেনারেল দলবীর সিং গত মঙ্গলবার নয়াদিল্লিতে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় তিনি পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে বলেন, ভারতীয় সেনাবাহিনীকে ‘ছোট মাত্রায় যুদ্ধের জন্য’ প্রস্তুত থাকতে হবে।

জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বক্তব্য, ভারতের নেতৃত্ব যদি যুদ্ধের পথেই পা বাড়ায়, তাহলে পাকিস্তান তার জবাব দিতে প্রস্তুত। তিনি বলেন, ‘পাকিস্তান এই অঞ্চল ও বৈশ্বিক পরিসরে শান্তি প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে বিশ্বাসী। কিন্তু কেউ আগ বাড়িয়ে মারতে এলে তার দাঁতভাঙা জবাব দেবে।’ প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ‘১৯৬৫ সালে লাহোর দখলের স্বপ্ন দেখেছিল ভারতীয়রা। সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিল আমাদের বাহিনী। ভবিষ্যতেও তারা সেটাই করবে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, বর্তমানে পাকিস্তানি বাহিনী নিজেদের মাটির সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত রয়েছে। কিন্তু প্রয়োজন হলে তারা যেকোনো ধরনের বহিরাক্রমণ প্রতিহত করতে প্রস্তুত।