তালেবানের নীতি যদি পছন্দ না হয় তবে পাকিস্তান অস্ত্র ও বোমা নিয়ে এসে কান্দাহারে হামলা চালাতে পারে। পাকিস্তানের তখনকার সেনাশাসক পারভেজ মোশাররফের সরকারকে বলেছিলেন তালেবান নেতা মোল্লা ওমর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা এত দিন গোপন রাখা তারবার্তায় এ তথ্য জানা গেছে। খবর ডনের।
২০০০ সালের ২৬ মার্চ ইসলামাবাদে এক বৈঠকে পারভেজ মোশাররফ মোল্লা ওমরের ওই বার্তাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস পিকারিংকে দেন। মোল্লা ওমর তালেবানের আধ্যাত্মিক নেতা। আর কান্দাহার ছিল তালেবানের প্রধান ঘাঁটি।
টমাস পিকারিংয়ের সঙ্গে বৈঠকে পারভেজ মোশাররফ গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তখনকার মহাপরিচালক জেনারেল মাহমুদের কান্দাহার সফরের কথা উল্লেখ করেন। মোশাররফ পিকারিংকে বলেন, ‘আইএসআইয়ের ডিজি মাহমুদকে মোল্লা ওমর বলেন, তিনি দুঃখিত যে, তালেবানের নীতি পাকিস্তানের সমস্যার কারণ হয়েছে। পাকিস্তান যদি তালেবানের নীতিগুলো পছন্দ না করে তবে দেশটি অস্ত্রশস্ত্র নিয়ে কান্দাহারে হামলা চালাতে পারে।’
পারভেজ মোশাররফ যুক্তরাষ্ট্রকে তালেবানের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান। তখন পিকারিং বলেন, ‘ইতিমধ্যে ওয়াশিংটন, নিউইয়র্ক ও ইসলামাবাদে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র তালেবানদের সঙ্গে যোগাযোগে যুক্ত রয়েছে।’
পিকারিং বলেন, বাস্তবতা হলো, পাকিস্তান তালেবান বাহিনীর কট্টর সমর্থক। এটি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। তিনি বলেন, ‘এটা আমাদের ভালো বন্ধুর জন্য অস্বাভাবিক ব্যাপার যে, তারা আমাদের বড় শত্রুরও সবচেয়ে ভালো বন্ধু।’