পাকিস্তানকে প্রতিশ্রুত ৩০ কোটি ডলার দিচ্ছে না পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, সামরিক ব্যয়ের জন্য পাকিস্তানকে প্রতিশ্রুত ৩০ কোটি ডলার তারা দিচ্ছে না। হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তান যথেষ্ট ব্যবস্থা নিয়েছে—যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার মার্কিন কংগ্রেসকে এমন নিশ্চয়তা এখনো দেননি। সে জন্যই অর্থ না দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পেন্টাগনের এক কর্মকর্তা জানান।
গত এক দশকে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে। জঙ্গিগোষ্ঠী তালেবান এবং হাক্কানি নেটওয়ার্কের মতো সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের অনীহার ফলেই এ দূরত্ব তৈরি হয়েছে। পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্প গত বুধবার বলেন, এবার পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। এর কারণ প্রতিরক্ষামন্ত্রী এখনো এটি নিশ্চিত করেননি যে হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে পাকিস্তান পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।
পাকিস্তানের জন্য যে ৩০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কোয়ালিশন সাপোর্ট ফান্ড (সিএসএফ) থেকে দেওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের যেসব সহযোগী রাষ্ট্র সন্ত্রাস নির্মূলের কাজে যথেষ্ট সমর্থ নয়, তাদের এই তহবিল থেকে সহায়তা দেওয়া হয়। সিএসএফ থেকে এযাবৎ সবচেয়ে বেশি অর্থ পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে স্টাম্প বলেন, ‘অর্থ না দেওয়ার সিদ্ধান্তের অর্থ এই নয় যে গত দুই বছরে পাকিস্তানের সেনাবাহিনী যে তৎপরতা দেখিয়েছে, তার গুরুত্ব আমাদের কাছে কমেছে।’ পেন্টাগনের তথ্য অনুযায়ী, ২০০২ সাল থেকে পাকিস্তান এযাবৎ ১ হাজার ৪০০ কোটি ডলার পেয়েছে সিএসএফ থেকে।
পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেওয়ার কথা বারবারই অস্বীকার করে আসছে। তবে তাদের কিছু সীমাবদ্ধতার কথাও তারা স্বীকার করেছে।