পাকিস্তানকে সতর্ক করলেন পেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক পেন্স
মাইক পেন্স

পাকিস্তানকে আবারও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বললেন, অনেক দিন থেকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল দক্ষিণ এশিয়ার এই দেশ। তবে সময়ের পরিবর্তন ঘটছে। পাকিস্তানকে এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে।
আফগান যুদ্ধ শুরু হওয়ার পর গত ১৬ বছরে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ব্যক্তি এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে এমন কড়া ভাষায় সমালোচনা করলেন।

পেন্স বৃহস্পতিবার হুট করে আফগানিস্তান সফরে যান। সেখানে সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটিতে প্রায় ১৫ হাজার সেনাসদস্যের সামনে বক্তব্যে দেন। এ সময় তিনি বলেন, আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের পাকিস্তানের মাটিতে নিরাপদে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিষয়ে মনোযোগ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের অংশীদার থেকে পাকিস্তান অনেক কিছু অর্জন করতে পারে। কিন্তু অপরাধী ও সন্ত্রাসীদের আশ্রয় ও সহযোগিতা করলে দেশটিকে অনেক কিছু হারাতে হবে।

ট্রাম্প গত আগস্টে আফগানিস্তান নিয়ে মার্কিন কৌশলপত্র ঘোষণা করেন। এতে পাকিস্তানের সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে পাকিস্তান নিয়ে মার্কিন মনোভাব সম্পর্কে ধারণা পাওয়া যাবে সম্প্রতি ঘোষিত মার্কিন নিরাপত্তা কৌশলে। এতে নিজের পরমাণু অস্ত্রের সুরক্ষায় পাকিস্তানের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।