পাকিস্তানের পররাষ্ট্রসচিব আইজাজ আহমদ চৌধুরী অভিযোগ করেছেন, পাকিস্তানজুড়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) জড়িত। খবর ডনের।
করাচিতে একটি বাসে বন্দুকধারীদের হামলায় ইসমাইলি শিয়া সম্প্রদায়ের ৪৫ জন নিহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় আইজাজ চৌধুরী এ কথা বলেন।
এর আগে গত সপ্তাহেই পাকিস্তানের শীর্ষ এক সামরিক কর্মকর্তা সে দেশে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করেন রয়ের বিরুদ্ধে। এমন অভিযোগ বারবার করা হলেও পাকিস্তান কর্তৃপক্ষ বরাবরই প্রমাণের বিষয়ে চুপ রয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজাজ আহমদ ইসমাইলি শিয়া মুসলিম সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে বলেন, ওই ঘটনার সঙ্গে আইএস জড়িত কিনা তা এত শিগগিরই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি বলেন, ঘটনার পর কোনো সংগঠনের চিরকুটে উল্লেখ করা দাবির ভিত্তিতেই সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িত বলে প্রতিষ্ঠিত হয় না।
করাচির বন্দুকধারীরা ঘটনাস্থলে একটি চিঠি ফেলে যায়। এ ছাড়া জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের টুইটার অ্যাকাউন্টে ওই হামলার দায়িত্ব স্বীকার করে।