সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা এসেছে ব্রিকস শীর্ষ সম্মেলন থেকে। সেই সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর নাম করে সন্ত্রাসের কঠোর নিন্দা করা হয়েছে ব্রিকসের যৌথ বিবৃতিতে। এ ঘটনা ব্রিকসের ইতিহাসে প্রথম ঘটল, তাও আবার পাকিস্তানের মিত্র বলে পরিচিত চীনের মাটিতে। গতকাল ব্রিকসের যৌথ বিবৃতিতে লস্কর-ই-তাইয়েবা, জইশে মুহাম্মদ, হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়।
‘ব্রিকস সিয়ামন ডিক্লারেশন’-এ বলা হয়েছে, ‘আমরা সেই সব জঙ্গি হামলার কঠোর নিন্দা করছি, যাতে নিরীহ আফগান নাগরিকদের মৃত্যু হচ্ছে। এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এবং তালেবান, আইএসআইএল/দায়েশ, আল-কায়েদা ও তার শাখা ইস্টার্ন তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট, ইসলামিক মুভমেন্ট অব উজবেকিস্তান, হাক্কানি নেটওয়ার্ক, লস্কর-ই-তাইয়েবা, জইশে মুহাম্মদ, টিটিপি ও হিযবুত তাহ্রীর-সৃষ্ট হিংসা নিয়ে আমরা উদ্বিগ্ন।’
বিবৃতিতে পাকিস্তানের নাম নেই ঠিকই। কিন্তু লস্কর, জইশে, হাক্কানির মতো সংগঠন যে পাকিস্তানের মাটি থেকেই তাদের কার্যকলাপ চালায়, তা গোটা বিশ্বে কারও অজানা নয়। তাই ব্রিকসের এই যৌথ বিবৃতি ইসলামাবাদের ওপর চাপ নিঃসন্দেহে বাড়াল। যেসব দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে, তাদের প্রতিটিকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জোর দিয়ে বলছি, সন্ত্রাস যারা চালাচ্ছে, সংগঠিত করছে বা সমর্থন করছে, তাদের ফল ভুগতেই হবে।’
এ ছাড়া ব্রিকসের খসড়া ইশতেহারে উত্তর কোরিয়ার পরমাণবিক বোমার উৎক্ষেপণের কড়া নিন্দা জানানো হয়েছে। ব্রিকসের সদস্যরাষ্ট্রগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।