পাকিস্তানি কাশ্মীরে ভারতীয় পতাকা পোড়ানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পতাকা পুড়িয়েছে বিক্ষোভকারীরা। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রোববার আয়োজিত বিক্ষোভ সমাবেশে পতাকা পোড়ানো হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকাও দাহ করা হয়। খবর ডন ও এএফপির।
পাকিস্তানি কাশ্মীরের মুজাফফারাবাদে ভারতীয় কাশ্মীর থেকে আসা উদ্বাস্তুরা ‘পাসবান-ই-হুরিয়াতের’ (স্বাধীনতার রক্ষক) ব্যানারে বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা ‘ভারত, কাশ্মীর থেকে হটো’, ‘কাশ্মীরের নেতাদের মুক্তি দাও’—এসব লেখা প্ল্যাকার্ড বহন করে।
গত বুধবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিচ্ছিন্নতাবাদী নেতা মাসারাত আলমের ডাকা সমাবেশে পাকিস্তানি পতাকা প্রদর্শনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত শুক্রবার মাসারাতকে গ্রেপ্তার করা হয়। সেদিনই শ্রীনগরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। শনিবার ধর্মঘট চলাকালে পুলিশের গুলিতে শ্রীনগরের কাছে এক কিশোর বিক্ষোভকারী নিহত হয়।
বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ার অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য সরকার ম্যাজিস্ট্রেট দিয়ে ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়ার পর এই পুলিশদের গ্রেপ্তার করা হলো।
এদিকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অতিরিক্ত শক্তি প্রয়োগের’ অভিযোগ করে বিষয়টির সমালোচনা করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম গতকাল রোববার বলেন, ভারত অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়তে থাকায় পাকিস্তান গভীরভাবে উদ্বিগ্ন।
পাঁচ বছর কারাভোগের পর মুক্তির কয়েক সপ্তাহের মধ্যে মাসারাত শুক্রবার আবার গ্রেপ্তার হন। বিচ্ছিন্নতাবাদী এই নেতার ডাকা একটি সমাবেশে পাকিস্তানি পতাকা প্রদর্শন করা হলে তিনিসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি উঠেছিল।
এই প্রেক্ষাপটে কাশ্মীরের চরমপন্থী নেতা সৈয়দ আলী শাহ গিলানি এবং মধ্যপন্থী হুরিয়াত নেতা মির্জা ওমর ফারুককে গৃহবন্দী করা হয়েছে।