পাকিস্তানি গোষ্ঠী জড়িত থাকলে ব্যবস্থা: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিমানবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত মঙ্গলবার বলেছেন, এ ঘটনায় পাকিস্তানভিত্তিক কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খবর ডনের।
খবরে বলা হয়, ভারতের পাঞ্জাব প্রদেশের পাঠানকোটের ওই ঘাঁটিতে হামলার ঘটনার নিন্দা জানাতে নওয়াজ শরিফ শ্রীলঙ্কার কলম্বো থেকে নরেন্দ্র মোদিকে ফোন করেন। এরপর ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মোদিকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী নওয়াজ বলেছেন, তাঁর সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ও চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
দুই নেতার মধ্যে ফোনালাপের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরও বিবৃতি দিয়েছে। তবে তাতে ইসলামাবাদের সুস্পষ্ট অঙ্গীকারের বিষয়ে ভারতের বিবৃতিতে যেমনটি বলা হয়েছে, তেমনটির উল্লেখ নেই। এতে কেবল বলা হয়েছে, ‘আমাদের (পাকিস্তান) সরকার ভারতীয় সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজ করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’
ভারতের অভিযোগ, পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী জইশ-ই মুহাম্মদের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিরা পাঠানকোটের এই হামলা চালিয়েছে।