পাকিস্তানি গোয়েন্দাই লাদেনের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সহায়তা নিয়েই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের গোপন আস্তানার হদিস পেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে তাঁকে হত্যার অভিযানটিকে মার্কিনরা এমনভাবে বর্ণনা করে, যাতে সহায়তাকারী সেই দেশটিকেই কার্যত খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়। মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও লেখক সেইমুর এম হার্শ এ দাবি করেছেন। খবর ডনের।
আল-কায়েদা নেতার হদিস পেতে পাকিস্তান সহায়তা করেছিল কি না, ডন-এর এমন এক প্রশ্নের জবাবে হার্শ বলেন, তারা সহায়তা করেছিল। তারা পুরোপুরিভাবে সহায়তা করেছিল। গত রোববার লন্ডন রিভিউ অব বুকস-এ প্রকাশিত এক লেখায় বিষয়টা খোলাসা করেছেন লেখক হার্শ। কথিত ‘অপারেশন নেপচুন স্পিয়ার’ অভিযানের মার্কিন ভাষ্যকে তিনি বর্ণনা করেন একটি কল্পকাহিনি হিসেবে।
হার্শের যুক্তি, লাদেন সত্যিই যদি গোপন আস্তানায় থাকার চিন্তা করতেন, তাহলে তিনি ইসলামাবাদ থেকে ৪০ মাইল দূরে অবস্থিত অ্যাবোটাবাদ শহরকে বেঁছে নিতেন না।
হার্শ বলেছেন, লাদেনক হত্যার অভিযানটির শুরু হয়েছিল মূলত পাকিস্তানের সহায়তা নিয়েই। ২০১০ সালের আগস্টে পাকিস্তানের একজন সাবেক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জোনাথন ব্যাংকের কাছে যান, যিনি ছিলেন ইসলামাবাদে সিআইএ কার্যালয়ের তৎকালীন প্রধান। ২০০১ সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে যেসব পুরস্কার দিতে চেয়েছিল, তা দেওয়ার বিনিময়ে তিনিই সিআইএকে জানিয়ে দেন কোথায় খুঁজতে হবে লাদেনকে।
পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য ওই গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটনে বাস করছেন এবং সিআইএর একজন পরামর্শক হিসেবে কর্মরত আছেন বলেও জানান হার্শ। তিনি বলেন, ‘তাঁর বিষয়ে আমি এর বেশি কিছু বলতে পারব না। কারণ, সেটা করা ঠিক হবে না।’