পাঠানকোট-কাণ্ডের তদন্তে পাকিস্তানি দলের সঙ্গে দীর্ঘ বৈঠক হলো ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)। পাঁচ সদস্যের এই যৌথ তদন্তকারী দলে (জেআইটি) রয়েছেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ও সেনা গোয়েন্দার পদস্থ অফিসাররা। আজ মঙ্গলবার জেআইটি সদস্যরা পাঠানকোট বিমানঘাঁটিতে যাবেন।
তবে তার আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর স্পষ্টভাবে জানিয়ে দেন, পাঠানকোট বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জেআইটি সদস্যদের যেতে দেওয়া হবে না। ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও সীমান্ত নিরাপত্তারক্ষী বাহিনীর (বিএসএফ) যাঁরা সন্ত্রাসীদের সঙ্গে ৮০ ঘণ্টা লড়াই করেছিলেন, তাঁদেরও সাক্ষী হিসেবে হাজির করা হবে না। তবে অন্যদের সঙ্গে জেআইটি সদস্যরা কথা বলতে পারবেন। তা ছাড়া, সীমান্তের যে জায়গা দিয়ে সন্ত্রাসীরা পাঠানকোটে এসেছিল, সেই স্থানেও জেআইটি সদস্যদের নিয়ে যাওয়া হবে।
সন্ত্রাসীরা ভারতে ঢোকার পর একজন পুলিশ সুপারের গাড়ি ছিনতাই করেছিল। এনআইএ সেই পুলিশ কর্তাকে জেরা করে জানায়, তিনি নির্দোষ। জেআইটি সেই কর্তা সালবিন্দর সিং সম্পর্কে আগ্রহ দেখিয়েছে। তাঁর ব্যাংক খাতা, সার্ভিস রেকর্ড ও মোবাইল কল রেকর্ড তাঁরা দেখতে চেয়েছেন। ভারতের পক্ষ থেকেও জেআইটি সদস্যদের বলা হয়েছে, হাফিজ সাঈদের স্বরের নমুনা যেন দেওয়া হয়। সন্ত্রাসীরা তাদের আত্মীয় ও সন্ত্রাসী নেতাদের সঙ্গে ফোনে যে কথাবার্তা বলেছিল, সেসবও জেআইটির হাতে তুলে দেওয়া হয়।
জেআইটি সদস্যদের তদন্তের সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেস ও আম আদমি পার্টির প্রশ্ন, যারা অপরাধী তাদেরই তদন্ত করতে আসার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে সরকারের দেউলিয়াপনারই পরিচয় পাওয়া যাচ্ছে।