পাকিস্তানি নারীকে ভিসা দিল ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে আক্রান্ত পাকিস্তানি নারীকে অবশেষে গত রোববার ভারত ভিসা দিয়েছে। চিকিৎসার জন্য ভারতে যেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের উদ্দেশে টুইটারে আবেগময় এক আবেদন করেন ২৫ বছর বয়সী পাকিস্তানি মেয়ে ফাইজা তানভির। এতে সাড়া দিয়ে রোববার টুইটারে সুষমা স্বরাজ লেখেন, ‘ভারতের স্বাধীনতা দিবসে আপনার শুভেচ্ছা পাঠানোর জন্য ধন্যবাদ। ভারতে আপনার চিকিৎসা করানোর জন্য ভিসা দিচ্ছি আমরা।’ এর আগে ওই দিন সকালে টুইটারে ফাইজা তানভির লেখেন, ‘ম্যাম, আপনি আমার কাছে মায়ের মতো। অনুগ্রহ করে আমাকে মেডিকেল ভিসা দিন।’ এর আগে গত মাসে ফাইজাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। ভিসা পাওয়ায় ফাইজা এখন ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দ্রপ্রস্থ ডেন্টাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন।