পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহিদ খাকান আব্বাসি
শহিদ খাকান আব্বাসি

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শহীদ খাকান আব্বাসিকে বেছে নেওয়ার পর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শহীদ খাকানকে গত শনিবার বেছে নেওয়ার পর পিটিআইয়ের প্রধান ইমরান খান তাঁর টুইটে লিখেছেন, দুর্নীতিবাজ সহচরদেরই পছন্দ নওয়াজ শরিফের। ২০০ কোটি ডলারের এলএনজি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত শহীদ খাকান আব্বাসি।

জবাবে শহীদ খাকান বলেছেন, ‘আমার বিরুদ্ধে সম্পদের অনিয়ম নিয়ে মামলা করতে চাইলে যে কেউ তা করতে পারেন। আমার সম্পদের বৃত্তান্ত পাকিস্তান গেজেটে প্রকাশিত। যাঁরা আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছেন, তাঁদের প্রথমেই নিজেদের দিকে তাকানো উচিত।’ তিনি গতকাল রোববার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) অন্যতম শরিক জমিয়ত উলেমা-ই-ইসলামি-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে ইসলামাবাদে বৈঠকের পর এ মন্তব্য করেন।

পানামা পেপারস কেলেঙ্কারিতে গত শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার পরই তিনি ইস্তফা দেন। এক দিন পর তিনি ছোট ভাই ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করেন। আর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন দলের বিশ্বস্ত ও সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট মামুন হোসেন আগামীকাল মঙ্গলবার জাতীয় পরিষদের অধিবেশন ডেকেছেন। আর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাতীয় পরিষদ সচিবালয়।

সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরিফের পদচ্যুতি উদ্‌যাপনের জন্য গতকাল রাতে রাওয়ালপিন্ডিতে সমাবেশ করেছে পিটিআই। ওই সমাবেশে বিপুলসংখ্যক লোক সমবেত হন।

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে মারি চলে গেছেন।

আগামী দুই মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী
হতে হলে শাহবাজ শরিফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। সে ক্ষেত্রে তিনি নিজের ছেলে হামজা শাহবাজকে নিজের পদে বসাতে চান। পাঞ্জাবে দলের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠায় এমনটা শাহবাজ চাইলে শেষ কথাটা বের হতে হবে নওয়াজের মুখ থেকেই। জাতীয় নির্বাচনের আগে এক বছরের কম সময় হাতে থাকায় পিএমএল-এন নিজেদের দুর্গ পাঞ্জাবে কর্তৃত্ব হারাতে চাইবে না।

শাহবাজ কেন্দ্রে আর তাঁর ছেলে হামজা পাঞ্জাবের কর্তৃত্ব করবেন—এর মানে হচ্ছে, দিনের শেষে দলের সিদ্ধান্তটা বাবা-ছেলের হাতে। নওয়াজ এটা মেনে নেন কি না, সেটা দেখার আছে। নওয়াজ ও তাঁর ছেলেদের সঙ্গে হামজার মতপার্থক্য নিয়ে গুজব আছে। পানামা পেপারস কেলেঙ্কারিতে সরব না থাকায় হামজার ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। তবে দুই পরিবার এসব অভিযোগ সব সময় উড়িয়ে দিয়েছে।

বেসামরিক গণতন্ত্র চাই

পিএমএল-এন নেতা খাজা সাদ রফিক পাকিস্তানের রাষ্ট্রভার পরিচালনার দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় গতকাল সাবেক রেলমন্ত্রী খাজা সাদ রফিক বলেন, রাষ্ট্র পরিচালনা কার হাতে যাবে, সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সংবিধানের প্রতিটি শব্দ কীভাবে বাস্তবায়িত হবে, সেটা ঠিক করারও সময় এসেছে। আমরা (পিএমএল-এন) দেশে বেসামরিক কর্তৃত্ব চাই। কারণ কঠিন সময়ে এ ধরনের নেতৃত্ব অপরিহার্য।

এদিকে পিএমএল-এন সিনেটর আসিফ কিরমানি বলেছেন, খুব শিগগিরই জনতার মধ্যে ফিরে আসবেন নওয়াজ শরিফ। তিনি বলেন, জাতি ইমরান খান ও তাঁর প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের বিষয়ে জানার অপেক্ষায় আছে। বিদেশি তহবিলের মামলা চিরতরে ইমরান খানের রাজনীতি শেষ করে দেবে।

প্রসঙ্গত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে অযোগ্য ঘোষণার আবেদন করে সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে। সম্পদ ও অফশোর কোম্পানির তথ্য গোপন করার অভিযোগে পিএমএল-এনের হানিফ আব্বাসি ওই মামলা করেছেন।

নির্বাচনের তফসিল ঘোষণা

পাকিস্তানের জাতীয় পরিষদ সচিবালয় গতকাল নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র আজ সোমবার বেলা দুইটার মধ্যে জমা দিতে হবে সচিবালয়ে। এরপর জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বেলা তিনটায় জমা হওয়া মনোনয়নপত্র বাছাই করবেন। পরদিন জাতীয় পরিষদের সদস্যরা নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

কাল অধিবেশন

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট মামুন হোসেন কাল জাতীয় পরিষদের অধিবেশন ডেকেছেন। সংবিধান অনুযায়ী ‘সৎ ও বিশ্বস্ত’ না থাকার অপরাধে গত সোমবার সুপ্রিম কোর্ট পানামা পেপারস কেলেঙ্কারির রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। সংবিধানের ৬২ (১) (এফ) ধারা অনুযায়ী পাকিস্তানের সর্বোচ্চ আদালত নওয়াজের বিরুদ্ধে ওই রায় দেন। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ ছয় সপ্তাহের মধ্যে মামলার প্রক্রিয়া শুরু করে ছয় মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন।

বিলওয়ালের প্রতিক্রিয়া

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলওয়াল ভুট্টো বলেছেন, প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত। জবাবদিহির প্রয়োগ অবশ্যই ব্যাপকভিত্তিক ও নিরপেক্ষ হতে হবে। তাই ব্যাপক জবাবদিহি নিশ্চিত করতে পিপিপি আইন পাসের পক্ষে। তাঁর মতে, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ায় সংসদ ও গণতন্ত্রের জন্য কোনো হুমকি তৈরি হয়নি। সিন্ধু প্রদেশের লারকানায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসের (এনআইসিভিডি) উদ্বোধনের সময় তিনি এই মন্তব্য করেন।

(তথ্যসূত্র: ডন, জিওটিভি, এক্সপ্রেস ট্রিবিউন)