পাকিস্তানে অভ্যুত্থান সামলে রেখেছেন সেনাপ্রধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানে চলছে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন। এতে অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন কয়েকজন। আর আহতের সংখ্যা পাঁচ শতাধিক। এই রক্তপাত আর সরকারের হুমকি-ধমকি উপেক্ষা করে রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্র ‘রেড জোনে’ অবস্থান নিয়ে আছেন বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় টেলিভিশন ভবনও সাময়িকভাবে দখল করে নিয়েছেন তাঁরা।
সরকারের এমন নাজুক অবস্থা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে তাঁর গদি থেকে টেনে নামিয়ে ক্ষমতায় যেতে শীর্ষস্থানীয় ১১ সেনা কর্মকর্তার অন্তত পাঁচজনকেই বেশ ভালোভাবে উৎসাহ জুগিয়েছে। কিন্তু এঁদের লাগাম টেনে ধরে আছেন স্বয়ং সেনাপ্রধান রাহিল শরিফ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে গতকাল শুক্রবার এ রকমই চমকপ্রদ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এমন একজন মন্ত্রীর বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, রাজধানীতে অগ্নিস্ফুলিঙ্গের মতো বিক্ষোভ ফুঁসে ওঠার পর গেল আগস্টের শেষ দিকে (গত রোববার) পার্শ্ববর্তী সেনাশহর রাওয়ালপিন্ডিতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন শীর্ষ জেনারেলরা। ওই সময় বিক্ষোভকারীরাও চেষ্টা চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী নওয়াজের বাসভবনে ঢোকার। টানটান এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে চলে চার ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকটি। এ কয়টি ঘণ্টা ছিল পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়া আরেক দফা সংকটের ঘূর্ণিপাকে তলিয়ে যাওয়ার আশঙ্কার আরেকটি মুহূর্ত। সেনা কর্মকর্তারা চাইছিলেন কালবিলম্ব না করে নওয়াজের চেয়ার দখলের চেষ্টায় নেমে পড়তে।
গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে পাকিস্তানে প্রথমবারের মতো কোনো গণতান্ত্রিক সরকার নির্বাচিত আরেকটি সরকারের কাছ থেকে দায়িত্ব গ্রহণের সুযোগ পায়। এরপর খুব বেশি সময় এখনো পার হয়নি। এরই মধ্যে শুরু হয়েছে ওই আন্দোলন। তাই এ সময়টাকে বেসামরিক নেতৃত্ব উৎখাতের উপযুক্ত ক্ষণ হিসেবে মানতে চাননি সেনাপ্রধান রাহিল। তাই উচ্চাকাঙ্ক্ষী সহকর্মীদের আকাঙ্ক্ষা দমিয়ে তাঁদের বশে রাখার চেষ্টা চালিয়েছেন তিনি। ঘোষণাও দিয়েছেন, চলমান সংকটের সমাধান হতে হবে অবশ্যই রাজনৈতিকভাবে, জোর খাটিয়ে নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রীর ভাষ্যমতে, বৈঠকে রাহিল শরিফের এমন অনমনীয় অবস্থানের পর এক বিবৃতিতে সেনাবাহিনী দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তার প্রতিশ্রুতির বিষয় পুনর্ব্যক্ত করে। তাই সেনা অভ্যুত্থানের হুমকি অন্তত এখনকার জন্য হলেও কেটে গেছে।
মন্ত্রী আরও জানান, রাজনৈতিক অচলাবস্থা নিরসনে কয়েক সপ্তাহ ধরে কমপক্ষে পাঁচজন জেনারেল সেনাবাহিনীর আরও ‘সক্রিয় ভূমিকা’ নেওয়ার বিষয়ে চাপ দিচ্ছিলেন। এসব কর্মকর্তার ধারণা, সেনাবাহিনীর নিরপেক্ষ থাকার সময় আগেই উতরে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সেনা সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
সেনাপ্রধান রাহিলের বর্তমান ভূমিকা নিয়ে নিরাপত্তা বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মন্তব্য, ‘রাহিল শরিফ (এ সংকটে) সরাসরি হস্তক্ষেপে আগ্রহী নন। তাই ট্যাংকগুলো রাস্তায় নামতে যাচ্ছে না। এই সেনাবাহিনী সমঝোতায় বিশ্বাসী।’ এ কথায় সুর মিলিয়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী একটি ‘ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান’।
এদিকে বিশ্লেষকেরা বলছেন, সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যদি এ দফার আন্দোলনে টিকেও যান, তবে তাঁকে হয়তো সেনাবাহিনীর পুতুল হয়েই থাকতে হবে।