পাকিস্তানে আত্মঘাতী বোমায় মন্ত্রী নিহত

সন্ত্রাসী হামলায় নিহত হলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল সুজা খানজাদা। গতকাল রোববার সেখানকার শাদি খান গ্রামে নিজ রাজনৈতিক কার্যালয়ে দলীয় সমর্থকদের নিয়ে বৈঠক করার সময় আত্মঘাতী হামলা চালানো হয়। এ সময় তিনিসহ মোট ১২ জনের প্রাণহানি ঘটে। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল লস্কর-ই-জাংভি। খবর এএফপি, রয়টার্স ও ডনের।
পুলিশ জানায়, নিজ বাসভবনের কাছাকাছি রাজনৈতিক কার্যালয়টিতে ৫০ থেকে ১০০ জন সমর্থক নিয়ে বৈঠক করছিলেন খানজাদা। এ সময় আকস্মিকভাবে আত্মঘাতী বোমা হামলা চালানো হলে ছাদ ধসে পড়ে নিমেষেই মাটির সঙ্গে মিশে যায় গোটা ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন মন্ত্রী খানজাদাসহ অনেকে। সেখানে তাঁরা আটকা থাকেন কয়েক ঘণ্টা। এই বোমা হামলায় আশপাশের বাড়িঘরের জানালাও ভেঙে চুরমার হয়ে যায়। এর পরপরই হামলাস্থলে জোর উদ্ধার অভিযান চালানো শুরু হয়।

পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানান, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পুলিশের উপ-তত্ত্বাবধায়ক (ডিএসপি) সৈয়দ শওকত শাহও। বোমা হামলায় আহত হন প্রায় ১৭ জন। এটিকে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলা বলেই নিশ্চিত করেছেন রাওয়ালপিন্ডির আঞ্চলিক পুলিশ কর্মকর্তা। আর কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তাঁরা ২০-২৫ জনকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে দেখেছেন।
পাকিস্তান আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উচ্চপ্রযুক্তির যন্ত্রপাতি নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা থাকায় সতর্কাবস্থায় রাখা হয়েছে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের হাসপাতালগুলোকে।
দুই সপ্তাহ আগে পাকিস্তানের অন্যতম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল লস্কর-ই-জাংভির প্রধান মালিক ইশাক ও তাঁর দুই ছেলে এবং দলের উপপ্রধানসহ আরও ১০ সমর্থককে হত্যা করে পাঞ্জাবের পুলিশ। পুলিশ জানায়, পালানোর চেষ্টা করলে গোলাগুলিতে এই জঙ্গিরা নিহত হন। যদিও এটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল বলে অভিযোগ রয়েছে।
দায় স্বীকার: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লস্কর-ই-জাংভি এ হামলার দায় স্বীকার করেছে। ওই নিষিদ্ধ সংগঠনটির প্রধান মালিক ইশাককে হত্যার দায়ে সুজা খানজাদা হুমকির মুখে ছিলেন বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিন্দা: এই সন্ত্রাসী হামলার কড়া নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। একইভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানও এই হামলার নিন্দা জানিয়েছেন। শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নিহতদের প্রতি। এ ছাড়া দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালানোর জন্য কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসনকেও নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
২০১৪ সালের অক্টোবরে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান সুজা খানজাদা। দায়িত্ব নিয়েই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছিলেন তিনি। এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং প্রাদেশিক মন্ত্রীরও দায়িত্ব পালন করেন তিনি। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাঞ্জাবের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের (ন্যাপ) কমান্ডারও ছিলেন প্রাদেশিক এই স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর স্বজন ও পরিচিতজনেরা জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে হত্যার হুমকিতে ছিলেন খানজাদা। চলাফেরা করতেন নিরাপত্তা স্কোয়াড নিয়েই। তবে রোববারের হামলার দিনই নিরাপত্তা স্কোয়াড তাঁর সঙ্গে ছিল না বলেও জানান তাঁরা।