প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মারদান শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষের শাখা কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় সরকারি পরিচয়পত্র সংগ্রহ করার জন্য সেখানে অনেক মানুষ ভিড় করেছিলেন। আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে চড়ে ওই কার্যালয়ে এসে গেটের কাছে বিস্ফোরণ ঘটায়। হামলার ঘটনায় ৭০ জনের বেশি আহত হয়েছেন। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বছর খানেক আগে পেশোয়ারে একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৫০ জন নিহত হওয়ার পর সরকার জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। মারদানের অবস্থান পেশোয়ার থেকে ৩০ কিলোমিটার দূরে।
বিবিসি