পাকিস্তানে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৩
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তের কাছে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁরা সবাই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আজ রোববার প্রদেশের কোয়েটা শহরের মিয়ান ঘুন্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে হাজারা শিয়া নামের পাকিস্তানের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ব্যবসায়ীরা সবজি কেনাবেচা করছিলেন। এক হামলাকারী মোটরসাইকেলে সেখানে গিয়ে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান।
পাকিস্তান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন মুখপাত্র এএফপিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। আহত ২০ জনের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে বলে জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক আজহার আকরাম।
বেলুচিস্তানে শিয়া জনগোষ্ঠীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানো হয়। প্রদেশের সুন্নি মুসলিমদের বিভিন্ন দল মূলত হামলাগুলো চালিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বেলুচিস্তানের নিরাপত্তারক্ষীরা প্রায়ই বিদ্রোহীদের হামলার শিকার হয়ে থাকেন।