পেশোয়ার শহরে সেনাবাহিনী পরিচালিত স্কুলে হামলার চেয়েও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। নতুন এক ভিডিও বার্তায় জঙ্গিগোষ্ঠীটির নেতা মোল্লা ফজলুল্লাহ এ হুমকি দেন।
এদিকে মোল্লা ফজলুল্লাহর মাথার দাম এক কোটি রুপি ঘোষণা করেছে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকার। খবর ডন ও এনডিটিভির।
টিটিপির বলে কথিত ভিডিওটির সত্যতা বা এটি কখন কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওমর মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তদের ই-মেইল ঠিকানা ব্যবহার করে গত সোমবার ভিডিওটি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি টিটিপির গণমাধ্যম শাখা হিসেবে পরিচিত।
১২ মিনিটের কিছুটা বেশি দৈর্ঘে৵র ভিডিওটিতে মোল্লা ফজলুল্লাহকে হালকা জঙ্গলপূর্ণ একটি এলাকায় দেখা যায়। তাঁর চার পাশে ছিল কয়েকজন মুখোশধারী সশস্ত্র ব্যক্তি। টিটিপি-প্রধান ভিডিওটিতে পশতু ভাষায় দেওয়া বক্তব্যে দাবি করেন, আসলে তাঁরা পেশোয়ারের স্কুলের শিক্ষার্থীদের জিম্মি করতে চেয়েছিলেন। পরে তাদের বিনিময়ে টিটিপির কারাবন্দী সদস্যদের মুক্ত করে আনাই ছিল লক্ষ্য। কিন্তু সেনারা গুলি ছুড়তে শুরু করলে পরিস্থিতি বদলে যায়। ফজলুল্লাহ বলেন, ‘আমরা বয়সে বড় শিশুদের হত্যা করেছি। কারণ, ওরা ছিল সেনাসদস্যদের সন্তান। আগামীকালই সেনাবাহিনীতে যোগ দিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করবে।’
টিটিপি গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ভয়াবহ হামলা চালায়। পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় ১৩২ শিশুসহ অন্তত ১৪১ জনের প্রাণহানি ঘটে।
ভিডিওতে পাকিস্তান সরকারকে হুমকি দেন টিটিপি-প্রধান। তিনি বলেন, ‘আমি সরকারকে সতর্ক করে দিচ্ছি, তোমরা আমাদের বন্দী সদস্যদের নির্যাতন বন্ধ না করলে এমন সব ঘটনা ঘটাব, যা পেশোয়ারের ঘটনাকেও ভুলিয়ে দেবে। এটা আমাদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই। তোমরা আমাদের হত্যা করছ, আমরাও তোমাদের হত্যা করছি।’
পুরস্কার ঘোষণা: মোল্লা ফজলুল্লাহকে ধরিয়ে দিতে বা তাঁকে হত্যার জন্য তথ্য দিতে পুরস্কার ঘোষণা করেছে খাইবার পাখতুনখাওয়া সরকার। গত সোমবার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘টিটিপি-প্রধানকে গ্রেপ্তার বা হত্যা করায় সহায়তা করবে এমন কোনো তথ্য দেওয়া হলে তার জন্য সরকার এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করছে।’