পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের নেতাকে গুলি করে হত্যা
পাকিস্তানে আততায়ীর গুলিতে মালিক সালিম লতিফ নামের আহমদিয়া সম্প্রদায়ের প্রভাবশালী স্থানীয় এক নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে পাঞ্জাবের নানকানা সাহেব শহরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দেশটির নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন।
মালিক সালিম লতিফ জামাত-এ-আহমদিয়া নামের একটি সংগঠনের স্থানীয় নেতা ছিলেন। তিনি পেশায় আইনজীবী ছিলেন। তাঁর আইনজীবী ছেলে ফারহানের সঙ্গে গতকাল সকালে মোটরসাইকেলে চড়ে স্থানীয় একটি আদালতে যাওয়ার সময় ‘অজ্ঞাতনামা আক্রমণকারীরা’ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
ওই শহরের একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে চিহ্নিত করা হয়েছে এবং পুলিশ জোর তদন্ত চালাচ্ছে।
এদিকে নিজেদের নেতাকে গুলি করে হত্যার ঘটনায় পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের ওপর চালানো নিপীড়নের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।