পাকিস্তানে এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
পক্ষপাতিত্বের অভিযোগ এনে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন বিরোধী আইনপ্রণেতারা। আজ রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগমুহূর্তে স্পিকারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব দাখিল করা হলো। খবর জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউনের।
বিরোধীদলীয় শতাধিক আইনজীবী স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন। জাতীয় পরিষদ সচিবালয়ে দাখিল করা অনাস্থা প্রস্তাবের নোটিশের ছবি টুইটারে দিয়ে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি লিখেছেন, ‘সারপ্রাইজ’।
‘পক্ষপাতদুষ্ট’ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরুদ্ধে মার্চ মাসের শুরুর দিকে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিল বিরোধী দলগুলো। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জিও নিউজকে জানায়, জাতীয় পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের খসড়ায় শতাধিক আইনপ্রণেতা স্বাক্ষর করেছেন।
খসড়া অনাস্থা প্রস্তাবে জাতীয় পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। এখনো দলীয় পদ না ছেড়ে দুজনই আইন ভঙ্গ করেছেন বলে এতে বলা হয়। খসড়া প্রস্তাবে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় সভায় অংশগ্রহণ করে আসছেন আসাদ কায়সার ও কাসিম খান সুরি।’
বিরোধীরা বলছেন, স্পিকার দলীয় বক্তব্য দিতে পারেন না। তিনি বিরোধী দলগুলোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ দেখিয়েছেন।
ট্রিবিউন বলছে, আইনসভা পরিচালনায় স্পিকারের ভূমিকায় সন্তুষ্ট নন বিরোধী দলগুলো। বিশেষ করে প্রধানমন্ত্রী ইমরান খানের বিষয়ে অনাস্থা প্রস্তাব উত্থাপনের পর স্পিকারের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধী আইনপ্রণেতারা। অনাস্থা প্রস্তাব ও জাতীয় পরিষদের আলোচ্যসূচি পরিচালনায় তাঁর বিরুদ্ধে ‘নির্লজ্জ পক্ষপাতিত্বের’ অভিযোগ করে আসছেন বিরোধীরা।
এদিকে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগমুহূর্তে পাঞ্জাবের গভর্নর চৌধুরী মোহাম্মদ সরওয়ারকে সরিয়ে দিয়েছে সরকার। ওমর সরফরাজকে তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক টুইটে আজ এ কথা জানিয়েছেন।
উসমান বুজদার পদত্যাগ করায় পাঞ্জাব অ্যাসেম্বলি নতুন মুখ্যমন্ত্রীও নির্বাচন করতে যাচ্ছে। ২০১৮ সালে হারানো পাঞ্জাব অ্যাসেম্বলির নিয়ন্ত্রণও নিতে পারে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। পাকিস্তানের রাজনীতিতে এই প্রদেশকে নিয়ন্ত্রক মনে করা হয়।
ডন জানায়, অনাস্থা ভোটে অংশ নিতে জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিতে বিরোধী আইনপ্রণেতারা আসতে শুরু করেছেন। তাঁদের বেশ আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় অধিবেশন শুরু হবে। অনাস্থা প্রস্তাব পাসে বিরোধীদের প্রয়োজন ১৭২ ভোট। এখন পর্যন্ত ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিদ্রোহীদের ছাড়াই তাদের ১৭৪ ভোট রয়েছে।