পাকিস্তানে কপ্টার বিধ্বস্তের দায় স্বীকার তালেবানদের
পাকিস্তানের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকা গিলগিটে বিদেশি কূটনীতিকদের বহনকারী হেলিকপ্টারটিকে রকেট লঞ্চার দিয়ে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তালেবান। তালেবানের মুখপাত্র মুহাম্মদ খোরাসানি ই-মেইল বার্তায় দাবি করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বহনকারী কপ্টারটিই তাঁদের মূল লক্ষ্য ছিল।
তবে পাকিস্তানের সেনা বাহিনীর মুখপাত্র অসীম বাজওয়া টুইটার বার্তায় বলেছেন, কারিগরি ত্রুটির কারণেই কপ্টারটি বিধ্বস্ত হয়েছে। গোলাগুলির কোনো বিষয় সেখানে ছিল না। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া লোকজন ও দুর্ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সেখানে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।
রাজধানী ইসলামাবাদের ২৫০ কিলোমিটার উত্তরের পার্বত্য এলাকা গিলগিট। এ এলাকায় তালেবানদের শক্ত অবস্থান নেই। কর্মকর্তারা বলেছেন, তালেবান প্রায়ই এমন এমন ঘটনার নেপথ্যে নিজেদের সম্পৃক্ততা দাবি করে থাকে যার সঙ্গে আদৌ তাদের কোনো যোগসূত্র নেই।
সেনা মুখপাত্র অসীম বাজওয়া বলেছেন, দুর্ঘটনায় নরওয়ের রাষ্ট্রদূত লেইফ লার্সেন, ফিলিপাইনের রাষ্ট্রদূত ডমিঙ্গো লুসানারিয়ো এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের স্ত্রী এবং দুই পাইলট নিহত হন। অসীম বাজওয়া বলেন, পোল্যান্ড এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতেরা আহত হয়েছেন। পাকিস্তানের ফ্লাইট তালিকা দেখে রয়টার্স জানিয়েছে, ওই হেলিকপ্টার বহরে দক্ষিণ আফ্রিকা, লেবানন এবং রোমানিয়ার রাষ্ট্রদূতেরাও ছিলেন। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত আহত হয়েছেন।
গিলগিটের এক কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন।
মালয়েশিয়ার সরকারনিয়ন্ত্রিত গণমাধ্যমে বলা হয়েছে, তাঁদের রাষ্ট্রদূতের স্ত্রী হাবিবাহ মাহমুদের মরদেহ তারা শনাক্ত করেছেন। ইন্দোনেশিয়াও বলেছেন, তাদের রাষ্ট্রদূতের স্ত্রী হ্যারি লিস্টওয়াতিও ওই ঘটনায় নিহত হয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হেলিকপ্টার বহর নিয়ে উত্তরাঞ্চলের পার্বত্য এলাকা গিলগিটে দুটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন। বহরে মোট চারটি কপ্টার ছিল। দুর্ঘটনার শিকার হওয়া হেলিকপ্টারটিতে ১১ জন বিদেশি এবং ৬ জন পাকিস্তানিসহ ১৭ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, দুর্ঘটনার পরই নওয়াজ শরিফ ইসলামাবাদে ফিরে এসেছেন।