পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা প্রধানমন্ত্রী ইমরানের
পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। কয়েকটি শহরে দূষণের মাত্রা বেড়ে যাওয়া নিয়েও শঙ্কিত তিনি। পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ১৯ শহরের মধ্যে হওয়া এক প্রতিযোগিতা ‘ক্লিন গ্রিন ইনডেক্স’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল সোমবার প্রধান অতিথির বক্তব্যে ইমরান খান বলেন, অক্টোবরে যেসব শহরে দূষণের হার বেড়েছে, সেই শহরগুলোয় করোনাভাইরাসের সংক্রমণও বাড়তে পারে।
ডনের খবরে বলা হয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, মহামারির সময় সরকার–গৃহীত ব্যবস্থাগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিকভাবে বিভিন্ন মহলে স্বীকৃতি পেয়েছে। এরপরও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার।
ইমরান খান বলেন, ‘আমার আশঙ্কা অক্টোবর ও নভেম্বর মাস নিয়ে। ফয়সালাবাদ, লাহোর, করাচি, পেশোয়ার ও গুজরওয়ালার মতো শহরগুলো, যেখানে বেশি দূষণ রয়েছে, সেখানে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ তীব্র হতে পারে। সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। আমরা আশা করি, এগুলো দ্রুত ছড়াবে না। আমরা পুরো ব্যাপার পর্যবেক্ষণ করছি।’
পিটিআইয়ের প্রধান ইমরান বলেন, ‘বন উজাড় করা হচ্ছে। নদী ও সমুদ্রে বর্জ্য ফেলা হয়। আমাদের ভবিষ্যৎ বাঁচাতে, শিশু ও আগত প্রজন্মকে বাঁচাতে জনগণ ও সরকারের যৌথ চেষ্টা চালিয়ে যেতে হবে। গত ২০ বছরে লাহোরের প্রায় ৭০ শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে। আলোকসজ্জার শহর করাচি এখন বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে।’
বর্জ্য ব্যবস্থাপনার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী ইমরান বলেন, বিশ্বের অনেক দেশ এটি থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। এখন সরকারও বিদ্যুৎ উৎপাদনের জন্য কঠিন বর্জ্য কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে। কারখানাগুলোর বর্জ্য ও দূষিত পানি নদীতে ফেলা হচ্ছে। তা সমুদ্রে গিয়ে পড়ছে। এটা জলজ জীবনকে ক্ষতিগ্রস্ত করেছে। আর এ জন্য জেলেরা মাছ ধরতে গভীর পানির দিকে যেতে বাধ্য হচ্ছেন।
সরকারি হিসাবে পাকিস্তানে ৩ লাখ ২৩ হাজারের বেশি করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৫৯ জনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৭ হাজার ৪০৯ জন।
অপর এক অনুষ্ঠানে সাহুলত বাজারে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রির জন্য পাঞ্জাব সরকারের প্রশংসা করেন ইমরান। তিনি বলেন, লাহোরে ৩১টিসহ পাঞ্জাবে ৩৫০টি সাহুলত বাজার বসিয়েছে প্রদেশ সরকার। চলতি মাসে ১৯৬টি বাজার বসানো হয়েছে। এ বাজারে ২০ কেজির ময়দার বস্তা মেলে ৮৪৫ রুপিতে। আর ১০ কেজির ব্যাগ মেলে ৪২০ রুপিতে। ১০০ রুপির চিনি সাহুলত বাজারে মেলে ৮৫ রুপিতে।