পাকিস্তানে কারাগারে খ্রিষ্টান যাজককে গুলি করে হত্যা
পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি কারাগারে গতকাল বৃহস্পতিবার এক পুলিশ সদস্যের গুলিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ধর্ম অবমাননা আইনে (ব্লাসফেমি) ওই দুই ব্যক্তিই দণ্ডপ্রাপ্ত।
কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তির নাম জাফর ভাট্টি। তিনি খ্রিষ্টান যাজক। আর আহত ব্যক্তির নাম মুহাম্মদ আসগর। তিনি যুক্তরাজ্যের নাগরিক। কারাগারে তাঁরা দুজনই একই সেলে থাকতেন।
ভাট্টি পাকিস্তানের সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের মানবাধিকার রক্ষায় কাজ করতেন। ২০১২ সালে মুসলিম এক নেতা অভিযোগ করেন, ভাট্টি হজরত মুহাম্মদ (সা.)-এর মাকে অবমাননা করে তাঁকে খুদে বার্তা পাঠিয়েছেন। পরে ভাট্টির পরিবার দাবি করেছে, পুলিশি তদন্তে দেখা গেছে, যে মুঠোফোন থেকে খুদে বার্তা পাঠানো হয়েছে, সেটি ভাট্টির নয়, অন্য কারও।
কারাগারে গুলি করে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানভিত্তিক মানবাধিকার সংগঠন ‘লাইফ ফর অল’-এর জাভিয়ের উইলিয়ামস বলেছেন, ‘এটা বর্বরোচিত ঘটনা। মিথ্যা অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করাটা বিচারব্যবস্থার প্রতি উপহাস।’
যুক্তরাজ্যের এডিনবরার নাগরিক আসগরকে ২০১০ সালে গ্রেপ্তার করা হয়। তিনি একজন মানসিক রোগী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেকে নবী দাবি করেছেন। গত জানুয়ারিতে তাঁকে এই অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। রয়টার্স।