পাকিস্তানে কিশোরী 'অনার কিলিং'-এর শিকার!
পাকিস্তানে ১৮ বছরের এক কিশোরীকে তাঁর চাচাতো ভাই গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিন্ধু প্রদেশের কামবার-শাহাদাদেকাট এলাকার একটি গ্রামে আজ বুধবার এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ দেশটির ইংরেজি ডনকে জানিয়েছে, ওই তরুণী ‘অনার কিলিং’য়ের (পরিবারের সম্মান রক্ষার্থে হত্যা) শিকার হয়েছেন বলে তারা সন্দেহ করছে।
কুবো সাইদ খান থানার কর্মকর্তা ওয়াজির আলী ভুট্টো বলেন, ‘কুবো সাইদ খান শহরের কাছের একটি গ্রামে আজ সকালে সন্দেহভাজন হত্যাকারী তার ১৮ বছর বয়সী চাচাতো বোনকে গুলি করে। তাৎক্ষণিকভাবেই মারা যান ওই তরুণী। প্রাথমিক তদন্তে জানা গেছে, ম্যাগসি উপজাতির ওই কিশোরী অবিবাহিত। তাঁর চরিত্র নিয়ে সন্দেহ পোষণ করে অভিযুক্ত হত্যাকারী।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিবারের সম্মান রক্ষার্থেই এ হত্যার ঘটনা ঘটেছে।
ময়নাতদন্তের জন্য লাশটি স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে ওই কিশোরীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তা ওয়াজির আলী ভুট্টো বলেন, যদি দুই দিনের মধ্যে নিহত কিশোরীর মা-বাবা এফআইআর না করেন, তবে তিনি রাষ্ট্রের পক্ষ হয়ে মামলা করবেন।
পাকিস্তানের মানবাধিকার কমিশনের কর্মকর্তা মোহাম্মদ সালিম জারওয়ার বলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে নারী দিবসে নিরপরাধ একটি নারীকে হত্যা করা হলো। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, অনার কিলিংয়ের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের পরও সিন্ধু প্রদেশে এ ধরনের ঘটনা বাড়ছে।