পাকিস্তানে কিশোরীকে পুড়িয়ে হত্যা
পাকিস্তানে সালিসে এক কিশোরীকে জীবন্ত পুড়িয়ে হত্যার নির্দেশ দেওয়ার দায়ে গত বৃহস্পতিবার ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীর বিরুদ্ধে অভিযোগ, সে এক দম্পতিকে পালিয়ে যেতে সহায়তা করেছে। খবর রয়টার্সের।
জেলা পুলিশ প্রধান সাঈদ ওয়াজির জানান, গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর পূর্বে ডোংগা গালি শহরে এই ঘটনা ঘটে। গ্রামের সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে হত্যার নির্দেশ দেওয়া হয়।
ওই কিশোরীর মা ও ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ তারা ওই সালিসে উপস্থিত ছিলেন এবং কিশোরীকে পুড়িয়ে হত্যার ব্যাপারে সম্মত হয়েছিলেন। পাকিস্তানের উপজাতীয় এলাকায় ওই সালিসকে ‘জিগরাস’ বলা হয়। স্থানীয় সমস্যা সমাধানে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ওই ধরনের সালিস বেশ প্রচলিত। কিন্তু দেশটিতে এসব সালিসের কোনো আইনি বৈধতা নেই।
ওই কিশোরীর মা পুলিশকে জানান, তার মেয়ে এলাকার এক তরুণ-তরুণীকে পালিয়ে যেতে সহায়তা করেছে যেটা তাদের স্থানীয় সংস্কৃতির পরিপন্থী।
সাঈদ ওয়াজির জানান, তরুণ-তরুণী পালিয়ে যাওয়ার পর স্থানীয় নেতারা সালিসের আয়োজন করেন। এর পর ওই কিশোরীকে পুড়িয়ে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর ওই কিশোরীকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়। তারপর যেই ভ্যানে করে তরুণ-তরুণী পালিয়ে গিয়েছিল, সেই ভ্যানে তাকে উঠিয়ে হাত পা বেঁধে ফেলা হয়। এর পর ভ্যানে পেট্রল ঢালা হয়। এর পর ওই কিশোরীসহ পুরো ভ্যান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
পাকিস্তানের মানবাধিকার কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে গত বছর পাঁচ শতাধিক নারী ও পুরুষকে সালিসের মাধ্যমে হত্যা করা হয়।