পাকিস্তানে নারী মানবাধিকারকর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে দেশটির শীর্ষস্থানীয় এক মানবাধিকারকর্মী নিহত হয়েছেন। তাঁর নাম সাবিন মেহমুদ। 
পুলিশের বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার রাতে করাচিতে এ ঘটনা ঘটে।
নিহত সাবিন দাতব্য প্রতিষ্ঠান ‘দ্য সেকেন্ড ফ্লোর (টি২ এফ)-এর পরিচালক ছিলেন। তাঁকে হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা তারিক ধারেজো বলেন, ‘মোটরসাইকেলে থাকা দুই বন্দুকধারী তাঁকে (সাবিন) গুলি করে। হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।’
পাকিস্তানের দ্য ডন পত্রিকার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রাত নয়টার দিকে টি২ এফ থেকে বেরিয়ে মায়ের সঙ্গে বাসায় যাওয়ার পথে সাবিনের ওপর হামলা হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর শরীরে পাঁচটি গুলি পেয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় সাবিনের মা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা গুরুতর।
রয়টার্সের ভাষ্য, টি২ এফ থেকে বেরিয়ে গাড়িতে করে বাসায় যাওয়ার সময় সাবিনের ওপর হামলা করে দুই বন্দুকধারী।
দ্য ডনের খবরে জানানো হয়, ঘটনার দিন পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি আলোচনার আয়োজন করে টি২ এফ। ওই আলোচনায় অংশ নেওয়া শেষে বাড়ি ফিরছিলেন সাবিন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, চলতি মাসের শুরুর দিকে লাহোরের একটি বিশ্ববিদ্যালয়ে ওই আলোচনা সভাটি হওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা আটকে দেয়।
এর আগে হত্যার হুমকি পেয়েছিলেন সাবিন।