পাকিস্তানে ছয়জনের ফাঁসির আদেশ স্থগিত
সামরিক আদালতের দেওয়া ছয়জন জঙ্গির ফাঁসির আদেশ স্থগিত করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। গতকাল বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। সামরিক আদালতে দেওয়া ফাঁসির আদেশ কার্যকর বন্ধ করতে গত বুধবার পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) আবেদন করার পর এ নির্দেশ দেওয়া হলো। খবর ডনের।
পাকিস্তানের প্রধান বিচারপতি নাসির উল মুলক গতকাল সুপ্রিম কোর্টে এ-সংক্রান্ত রায় দিয়ে বলেন, ‘সামরিক আদালতে যাদের ইতিমধ্যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে বা যাদের দেওয়া হবে—সব ধরনের দণ্ডাদেশই স্থগিত করা হলো।’
সুপ্রিম কোর্ট দেশটির অ্যাটর্নি জেনারেল সালমান আসলাম বাটকে নতুন এ আদেশসংক্রান্ত নোটিশ পাঠিয়ে দিয়েছে।
এসসিবিএর পক্ষে বিশিষ্ট মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর সামরিক আদালতের দেওয়া ফাঁসির দণ্ড কার্যকর বন্ধের দাবি জানিয়ে আবেদন করেন। ২ এপ্রিল পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ সামরিক আদালতের দেওয়া ছয়জন ইসলামি জঙ্গির ফাঁসির আদেশ অনুমোদন করেন। দেশটির মানবাধিকারকর্মী ও আইনবিদরা এর তীব্র প্রতিবাদ জানান।