পাকিস্তানে জঙ্গি আস্তানায় অভিযানে আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় নিরাপত্তা বাহিনীর অপারেশন খাইবার-৪ অভিযানের প্রথম দিনে আটজন নিহত হয়েছে। আফগান সীমান্তের কাছে পাহাড়ি রাজগাল অঞ্চলে গত সোমবার ওই অভিযান চালানো হয়।

সরকারি সূত্রগুলো জানায়, নিষিদ্ধঘোষিত লস্কর-ই-ইসলাম (এলআই) ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কয়েকটি আস্তানায় দিনভর গোলাবর্ষণ করা হয়। আশপাশের এলাকার বাসিন্দারা জানান, তাঁরা সকালে সামরিক বিমান উড়তে দেখেছেন এবং ভারী গোলাবর্ষণের শব্দ শুনেছেন। তাঁরা বলেন, অভিযানের প্রস্তুতি হিসেবে ওই সব এলাকার চারপাশে গত জুন থেকে বাড়তি সেনা মোতায়েন করা হচ্ছিল। রাজগাল অঞ্চলের পাকদারা, নারায় নও, সাত্তার কালায় ও খাইরাবা এলাকায় এলআই ও আইএসের বিভিন্ন ঘাঁটিতে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীর হেলিকপ্টারের পাশাপাশি বিমানবাহিনীর উড়োজাহাজও অংশ নেয়।

সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকায় অভিযানে হতাহতের ঘটনা সম্পর্কে নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্য যাচাই করা যায়নি। ২০১১ সালে তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও এলআই জঙ্গিরা রাজগাল ও এর আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেসব এলাকা থেকে স্থানীয় কুকিখেল জাতিগোষ্ঠীর বাসিন্দারা সরে যায়।