পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে পুলিশসহ নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যসহ নয়জন নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আজ শনিবার সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, প্রথম ঘটনাটি ঘটে পেশোয়ার থেকে ৩০ কিলোমিটার উত্তরে মেচানি শহরে। জঙ্গিদের সন্দেহভাজন আস্তানায় হানা দিলে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় হয়। এতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর দুই সদস্য নিহত হন। এ ঘটনায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দুই জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি পুলিশের।
অন্য ঘটনাটি ঘটেছে পেশোয়ার থেকে প্রায় ১৬ মাইল দক্ষিণে গুজ্জার গাদি এলাকায়। সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে টিটিপির স্থানীয় এক কমান্ডারসহ পাঁচ জঙ্গি নিহত হয়েছে।
পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে গত মঙ্গলবার টিটিপি জঙ্গিদের ভয়াবহ হামলায় ১৩২ শিশুসহ অন্তত ১৪১ জনের প্রাণহানি ঘটে। ওই হামলার পর তালেবান জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে সেনাবাহিনী।