পাকিস্তানে জুমার খুতবা পর্যবেক্ষণ করবেন আলেমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের মসজিদগুলোতে জুমার নামাজে ইমামদের খুতবা পর্যবেক্ষণ করবে দেশটির মিল্লি ইয়াকজেহতি কাউন্সিল (এমওয়াইসি)। ইমামদের বক্তব্য যাতে নৈতিকতা ও মানবতা বিষয়ে ইসলামের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। বলা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই এ উদ্যোগের লক্ষ্য। খবর দ্য ডনের।
মিল্লি ইয়াকজেহতি কাউন্সিল (এমওয়াইসি) গঠিত হয়েছে জামায়াতে ইসলামি ও জেইউআই-এফসহ ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে। গত মঙ্গলবার এমওয়াইসির এক বৈঠকে খুতবার ওপর নজর রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়। জুমা কমিশন ও ইসলামি নজরিয়াতি কাউন্সিল কমিশনসহ বিভিন্ন কমিটির সদস্যরা মসজিদে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করবেন।
এমওয়াইসির জ্যেষ্ঠ নেতা লিয়াকত বেলুচ বলেন, ‘আমাদের জুমা কমিটির সদস্যরা মসজিদে মসজিদে যাবেন। খুতবায় কোনো রকম উসকানিমূলক বক্তব্য শুনলে তাঁরা ইমামদের সতর্ক করে দেবেন। সেই সঙ্গে তাঁদের ইসলামের আলোকে নৈতিকতা, মানবিকতা, পরিবারপ্রথা, সংস্কৃতি ও মানুষের অধিকার বিষয়ে বক্তব্য দিতে উদ্বুদ্ধ করবেন।’