পাকিস্তানে জুমার নামাজে বোমা হামলায় নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে গতকাল শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা বলেছেন, হামলাটি ঘটে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি-অধ্যুষিত এলাকায়। কেউ গতকাল সন্ধ্যা পর্যন্ত দায় স্বীকার না করলেও এটি পাকিস্তানি তালেবানের (টিটিপি) কাজ বলেই ধারণা করা হচ্ছে।
আফগানিস্তান সীমান্তের কাছের মোহমান্দ উপজাতীয় জেলার বুতমানা গ্রামে হামলার শিকার মসজিদটির অবস্থান। সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তালেবান জঙ্গিরা।
স্থানীয় উপজাতীয় প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, জুমার নামাজ আদায়ের সময় একজন আত্মঘাতী হামলাকারী আচমকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ২৫ জন মুসল্লি নিহত এবং আরও ৩০ জন আহত হন। এলাকাটি প্রত্যন্ত বলে এটুকু তথ্যই তাৎক্ষণিকভাবে ওয়্যারলেসের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয়েছে।
স্থানীয় আরেক কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টিটিপিই এ হামলার জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। কারণ, তারা দেশটির আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে প্রায়ই এ রকম হামলা করে থাকে।
মোহমান্দ এলাকার উপপ্রশাসক নাভিদ আকবর রয়টার্সকে বলেন, মসজিদে অনেক লোকজনের উপস্থিতিতে এক ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে ওই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় প্রচণ্ড আওয়াজ হয়।
স্থানীয় উপজাতীয় নেতা হাজি সুবহানুল্লাহ মোহমান্দ বলেন, জঙ্গিরা হয়তো প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। কারণ, স্থানীয় উপজাতিরা মিলে একটি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করে সম্প্রতি একজন বিদ্রোহীকে হত্যা ও আরেকজনকে বন্দী করেছে।
পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলো দুর্গম জায়গা বলে সেখানে পৌঁছানো কঠিন। আল-কায়েদা ও তালেবান জঙ্গিরা রক্ষণশীল জনগোষ্ঠী-অধ্যুষিত এসব এলাকাকে নিজেদের কার্যক্রম চালানোর ক্ষেত্র হিসেবে বেছে নেয়।
তালেবান জঙ্গিরা ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারের একটি বিদ্যালয়ে হামলা চালিয়ে অন্তত ১৫০ জনকে হত্যা করে। তাদের বেশির ভাগই ছিল শিশু-কিশোর। সে ঘটনাটি পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার একটি বলে চিহ্নিত।
সেনাবাহিনী ২০১৪ সালের জুনে জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান শুরু করে। এ সময় উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি-অধ্যুষিত এলাকাগুলোয় ব্যাপক লড়াই হয়। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানে জঙ্গি বিদ্রোহে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিচ্ছিন্ন হামলা বন্ধ হয়নি।