পাকিস্তানে তথ্য ফাঁসের অভিযোগে তথ্যমন্ত্রী বরখাস্ত
পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের কথা সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ার অভিযোগ ওঠায় তথ্যমন্ত্রী পারভেজ রশিদকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
পারভেজ রশিদের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের সংবাদপত্র ডন-এ প্রকাশিত একটি সংবাদের সূত্র হিসেবে কাজ করেছেন তিনি। ওই সংবাদে জানানো হয়, দেশের বাইরে জঙ্গিদের ছায়াযুদ্ধ পরিচালনায় সমর্থন দেওয়ার জন্য সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তানের বেসামরিক কর্তৃপক্ষ। এ সংবাদ প্রকাশের পরপরই দেশটিতে হইচই পড়ে যায় এবং সংবাদটি যে সাংবাদিক লিখেছেন, তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনে ব্যর্থতার যথেষ্ট প্রমাণ পাওয়ায় স্বাধীন ও বিশদ তদন্তের স্বার্থে পারভেজ রশিদকে পদত্যাগ করতে বলা হয়েছে।