পাকিস্তানে তারকা খুনে ভাই গ্রেপ্তার

পাকিস্তানের আলোচিত মডেল ও ফেসবুক তারকা কানদিল বালুচ খুনের ঘটনায় তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বালুচকে ‘পারিবারিক সম্মান রক্ষায় হত্যা’ করা হয়েছে বলে ধারণা পুলিশের। এই ঘটনায় দায়ের করা মামলায় বালুচের ভাই ওয়াসিম আজিম গ্রেপ্তার হয়েছেন।
বালুচের বাবা-মা পুলিশকে জানিয়েছেন, গত শুক্রবার রাতে মুলতানের বাড়িতে ঘুমের মধ্যে বালুচকে তাঁর ভাই ওয়াসিম শ্বাসরোধে হত্যা করেন।
ঘটনার পর ওয়াসিম পলাতক ছিলেন।

বালুচের লাশের ময়নাতদন্তের সঙ্গে যুক্ত চিকিৎসক মুশতাক আহমেদ বলেন, শ্বাসরোধে ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে রাসায়নিক পরীক্ষার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মুশতাক আহমেদ আরও বলেন, শ্বাসরোধের আগে বালুচকে বিষাক্ত কোনো পদার্থ দেওয়া হতে পারে।
‘আমাকে কেমন লাগছে’ শিরোনামে বালুচের একটি ভিডিও ব্যাপক প্রচার পেলে ২০১৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে যান তিনি।
সম্প্রতি দেশটির এক ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে বালুচের সেলফি প্রকাশের পর হইচই পড়ে যায়।
টুইটার ও ফেসবুকে বালুচের বিপুল ভক্ত-অনুসারী আছে।
পাকিস্তানে প্রতিবছর পারিবারিক সম্মান রক্ষার নামে কয়েক শ নারীকে তাঁদের স্বজনেরা হত্যা করেন।