পাকিস্তানে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর লেখা পোস্ট করার অভিযোগে সংখ্যালঘু আহমাদিয়া সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা হয়েছে। হামলা ও আগুনে আহমাদিয়া সম্প্রদায়ের এক বৃদ্ধা ও তাঁর দুই নাতনি নিহত হয়েছে।
এক নাতনির বয়স সাত বছর এবং অন্যজন আরও ছোট। পুলিশের বরাত দিয়ে রয়টার্সের খবরে আজ সোমবার এ কথা জানানো হয়।
আহমাদিয়ারা নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দিলেও তাঁরা দাবি করেন, হজরত মোহাম্মদ (সা.) শেষ নবী নন। তার পর আরও নবী পৃথিবীতে আসবেন।
১৯৮৪ সালে পাকিস্তান আইন করে এই সম্প্রদায়ের লোকজনকে অমুসলিম বলে ঘোষণা করে।
পুলিশ জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর গুজরানওয়ালায় গত রোববার এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আহমাদিয়া সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগ ওঠায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আহমাদিয়া সম্প্রদায়ের লোকজনের বাগবিতণ্ডা শুরু হয়।
ওই কর্মকর্তা জানান, দেড় শতাধিক উত্তেজিত ব্যক্তি থানায় গিয়ে ওই যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা করার দাবি জানায়। পুলিশের সঙ্গে উত্তেজিত লোকজনের যখন কথা হচ্ছিল, তখন আরেক দল লোক গিয়ে আহমাদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়।
আহমাদিয়া সম্প্রদায়ের মুখপাত্র সেলিম উদ্দিন বলেন, চার বছর আগে তাঁদের সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ৮৬ জন নিহত হন। ওই ঘটনার পর এটিই সবচেয়ে ন্যক্কারজনক হামলা। তিনি অভিযোগ করেন, হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিল নির্বিকার। তারা চেয়ে চেয়ে দেখেছে। উচ্ছৃঙ্খল জনতাকে থামাতে কোনো উদ্যোগ নেয়নি।
তবে পুলিশ সেলিম উদ্দিনের অভিযোগ অস্বীকার করে বলছে, তারা জনতাকে থামাতে চেষ্টা করেছে।