পাকিস্তানে তিন বছর পর চালু ইউটিউব
তিন বছর বন্ধ রাখার পর ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব পাকিস্তানে খুলে দেওয়া হলো। ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে সরকার দেশটিতে ইউটিউব বন্ধ করে দিয়েছিল। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
পাকিস্তানের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বলছে, ইউটিউবের মালিক গুগল পাকিস্তানের জন্য একটি পৃথক সংস্করণ চালু করেছে। এতে এ ধরনের নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো প্রয়োজন নেই।
পাকিস্তান কর্তৃপক্ষ মনে করছে, এ সংস্করণের কারণে তারা এখন থেকে ইউটিউবের কনটেন্টগুলো যাচাই-বাছাই করে দেখতে পারবে। তবে ইউটিউব এ ধরনের কোনো কিছুর কথা অস্বীকার করেছে।
পাকিস্তানের অনেক তরুণ এ নিষেধাজ্ঞা সরে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। তবে কিছু মানবাধিকারকর্মী গুগলের সঙ্গে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করার দাবি জানিয়েছে। তাদের দাবি, সরকার ও গুগলের মধ্যে চুক্তির বিষয়টি বৃহত্তর স্বচ্ছতার স্বার্থেই জানানো প্রয়োজন।
পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (পিটিএ) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, দেশের সব ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ইউটিউবে প্রবেশাধিকার খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১২ সালে যুক্তরাষ্ট্রে নির্মিত বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউবে আপলোড হওয়ার পরই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওই সাইটটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।