পাকিস্তানে দাবদাহে ১৩৬ জনের মৃত্যু
দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশে তীব্র দাবদাহে দুই দিনে অন্তত ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩২ জনেরই মৃত্যু হয়েছে প্রদেশটির রাজধানী করাচিতে। এ ছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালে কয়েক শ মানুষের চিকিৎসা চলছে। গতকাল সোমবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপি ও দ্য ডনের।
জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের (জেপিএমসি) কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে হিটস্ট্রোকে আক্রান্ত প্রথম ব্যক্তিকে নেওয়া হয় তাদের কাছে। এরপর রোববার এ সংখ্যা ১০০-তে পৌঁছায়। এর মধ্যে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়। তাঁদের অধিকাংশেরই মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার আগেই। অন্যরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত আব্বাসি শহীদ হাসপাতালে ৩০ জনের, লায়ারি জেনারেল হাসপাতালে নয়জনের ও সিভিল হাসপাতাল করাচিতে (সিএইচকে) ছয়জনের মৃত্যু হয়।
হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাওয়া বেশির ভাগই পুরুষ। তাঁদের বয়স ৫০ বছরের বেশি। তাঁরা হঠাৎ করে ভয়াবহ শ্বাসকষ্টে ভোগেন। প্রচণ্ড জ্বর অনুভব করেন। এরপর মূর্ছা যান।
শনিবার করাচির তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার তা মাত্র এক ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়।