পাকিস্তানে দাবদাহে ৪৫০ জনের মৃত্যু, সিন্ধুতে জরুরি অবস্থা জারি
পাকিস্তানের সিন্ধু প্রদেশে তীব্র দাবদাহে তিন দিনে মৃতের সংখ্যা সাড়ে চার শ ছাড়িয়েছে। প্রদেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর এএফপির।
দাবদাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিন্ধুর রাজধানী করাচি। সেখানে গতকাল তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। করাচির ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা সাবির মেমন বলেন, ‘তিন দিনের টানা তীব্র দাবদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে করাচিতেই প্রাণ হারিয়েছেন ৪৫০ জন। এ ছাড়া প্রদেশের দক্ষিণাঞ্চলে মারা গেছেন আরও অন্তত ১০ জন।’
করাচির সবচেয়ে বড় জিন্নাহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা সিমি জামালি বলেন, তাঁরা হিটস্ট্রোকে আক্রান্ত অন্তত তিন হাজার রোগীকে চিকিৎসা দিয়েছেন। এ ছাড়া হাসপাতালে আনার আগে কিংবা ভর্তির পর দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অন্য একজন কর্মকর্তা বলেন, আরেকটি হাসপাতালে অন্তত ৬৭ জনের মৃত্যুর ব্যাপারে তাঁরা নিশ্চিত হয়েছেন।
অব্যাহত দাবদাহের প্রেক্ষাপটে সিন্ধু প্রদেশে গতকাল সরকারি ছুটি ঘোষণা করে প্রাদেশিক সরকার। লোকজনকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।